কমিউনিটি ০১ আগস্ট ২০২৬

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডসঃ স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

post

এই সপ্তাহে টাওয়ার হ্যামলেটস জুড়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করতে কাজ করা স্থানীয় ব্যবসাগুলোকে  ফুড ফর হেলথ এওয়ার্ড প্রদান করে সম্মাননা জানানো হয়েছে। এই পুরস্কার কর্মসূচি সেই সব ক্যাফে, টেকঅ্যাওয়ে, রেস্টুরেন্ট, কর্মস্থলের ক্যান্টিন এবং মার্কেট ব্যবসায়ীদের স্বীকৃতি দেয়, যারা খাবার প্রস্তুত ও রান্নার পদ্ধতিতে ইতিবাচক পরিবর্তন এনে তাদের কাস্টমারদের জন্য আরও স্বাস্থ্যকর খাবারের বিকল্প তৈরি করেছেন। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ, ট্রেডিং স্ট্যান্ডার্ডস এবং পাবলিক হেলথ টিম যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করে। এর মূল লক্ষ্য হলো স্থূলতা কমানো এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া আরও সহজ করে তোলা।

স্বাস্থ্যকর পরিবর্তনের স্বীকৃতি

ফুড ফর হেলথ এওয়ার্ড এমন সব খাদ্য ব্যবসাকে উৎসাহিত করে যারা তাদের মেনুতে লবণ, চিনি বা চর্বির পরিমাণ কমানো, স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি ব্যবহার, ফল ও সবজির বিকল্প বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য আরও পুষ্টিকর খাবার সহজলভ্য করার মতো পদক্ষেপ গ্রহণ করে। এই ছোট কিন্তু কার্যকর পরিবর্তনগুলো স্থানীয় জনগণের স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্প্রতি অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং  ক্যাবিনেট মেম্বার ফর হেলদি, কেয়ারিং অ্যান্ড ইনক্লুসিভ কমিউনিটিজ কাউন্সিলর সাবিনা আখতার অংশগ্রহণকারী ব্যবসাগুলোর হাতে পুরস্কার তুলে দেন এবং কমিউনিটির স্বাস্থ্য উন্নয়নে তাদের অবদানের প্রশংসা করেন।

ফুড ফর হেলথ এওয়ার্ড কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি। যোগ্য হতে হলে একটি খাবারের ব্যবসার ফুড হাইজিন রেটিং কমপক্ষে ৩ বা তার বেশি হতে হবে এবং প্রতিষ্ঠানটিকে কিছু স্বাস্থ্যকর পরিবর্তন বাস্তবায়নে আগ্রহী হতে হবে।

কর্মসূচির বিভিন্ন স্তর রয়েছে - ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড। ব্যবসা প্রতিষ্ঠান যত বেশি স্বাস্থ্যসম্মত পদক্ষেপ বাস্তবায়ন করবে, তত উচ্চ স্তরের স্বীকৃতি অর্জন করতে পারবে। 

বর্তমানে টাওয়ার হ্যামলেটসের বহু রেস্টুরেন্ট, ক্যাফে, ক্যান্টিন এবং টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান এই কর্মসূচির আওতায় এসেছে।  ফুড ফর হেলথ এওয়ার্ড  অর্জনকারী ব্যবসাগুলো শুধু গ্রাহকদের আস্থা বৃদ্ধি করে না, বরং স্বাস্থ্যকর জীবনযাপন প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাউন্সিল নিয়মিতভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে এবং নতুন ব্যবসাগুলোকে অংশ নিতে উৎসাহিত করে। 

আপনি যদি টাওয়ার হ্যামলেটসের কোনো খাদ্য ব্যবসার মালিক হন এবং স্বাস্থ্যকর খাবারের বিকল্প বাড়াতে আগ্রহী থাকেন, তাহলে  ফুড ফর হেলথ এওয়ার্ড কর্মসূচিতে যোগ দেওয়ার এখনই উপযুক্ত সময়। কয়েকটি সহজ পরিবর্তনের মাধ্যমে আপনি যেমন আপনার কাস্টমারদের সুস্থ জীবনযাত্রায় সহায়তা করতে পারবেন, তেমনি আপনার ব্যবসাও পাবে বিশেষ স্বীকৃতি।

আরও তথ্য জানতে ও আবেদন করতে ভিজিট করুন:

https://www.towerhamlets.gov.uk/lgnl/business/health_and_safety/food/healthy_food_awards/healthy_food_awards.aspx



আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner