টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : যুক্তরাজ্যের রেডব্রিজ বারার ক্লেমেন্টসউড এলাকায় কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফারজানা আফরোজা। স্থানীয় রাজনৈতিক দল রেডব্রিজ ম্যাটার্স –এর প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন। সম্প্রতি দলটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর ফারজানা আফরোজা দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক প্রতিক্রিয়ায় তিনি টিভি নাইনটিন কে বলেন, রেডব্রিজ ম্যাটার্স–এর পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এ জন্য তিনি দলের পুরো টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে স্থানীয় জনগণের উন্নয়ন, কমিউনিটির সেবা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উন্নত কমিউনিটি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
ফারজানা আফরোজা সবার সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, স্থানীয় মানুষের আস্থা ও অংশগ্রহণই একটি শক্তিশালী ও উন্নত কমিউনিটি গঠনের মূল ভিত্তি।
কে এই ফারজানা ?
সিনিয়র কোর্ট অব ইংল্যান্ড ও ওয়েলসের একজন দক্ষ ও অভিজ্ঞ সলিসিটর ফারজানা আফরোজা। আইন পেশায় তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবেও তিনি কমিউনিটিতে ব্যাপকভাবে পরিচিত ও সম্মানিত।
একজন যোগ্য ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তি ও পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি সমস্যায় সহায়তা করে আসছেন। বিশেষ করে হাউজিং, ইমিগ্রেশন এবং পারিবারিক বিষয়সহ ন্যায়বিচারে সবার সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে তার রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। এসব বিষয় আমাদের কমিউনিটির অসংখ্য মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত, আর সেই ক্ষেত্রগুলোতেই তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন।
আইনি পেশার পাশাপাশি ফারজানা কমিউনিটির উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পটভূমির মানুষের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে তাদের অধিকার, সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে সচেতন করতে নিয়মিত কমিউনিটি শিক্ষা ও আউটরিচ কার্যক্রম পরিচালনা করেন।
মানুষের পাশে দাঁড়ানো, ন্যায়বিচার নিশ্চিত করা এবং কমিউনিটির কণ্ঠস্বরকে শক্তিশালী করা—এই লক্ষ্য নিয়েই ফারজানা কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, একসঙ্গে কাজ করলে আমরা আরও ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী একটি কমিউনিটি গড়ে তুলতে পারব।








