কমিউনিটি ১৫ মার্চ ২০২৬

টাওয়ার হ্যামলেটসে ২ লাখ ৫০,০০০ পাউন্ড অনুদান দেবে ক্যানারি ওয়্যারফ গ্রুপ

post

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রশিক্ষণে সহায়তা দিতে উদ্বোধনে হলো টাওয়ার হ্যামলেটস এবং ক্যানারি ওয়্যারফ ফারদার এডুকেশন ট্রাস্ট (টিএইচসিডব্লিউএফইটি)-এর অনুদান কর্মসূচি।

১৪ মার্চ, শুক্রবার বিকেলে টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়রের অফিসে আয়োজিত এক প্রি-লঞ্চ অনুষ্ঠানে এই তহবিল পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই যৌথ উদ্যোগ পরিচালনা করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়্যারফ গ্রুপ।

১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্ট তহবিলের মাধ্যমে ইতোমধ্যে ৪,৫০০ - এরও বেশি বাসিন্দা উচ্চশিক্ষা, পেশাগত যোগ্যতা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছেন।

এবারের পুনরায় চালু করা কর্মসূচির আওতায় ২ লাখ ৫০,০০০ পাউন্ড অনুদান প্রদান করা হবে, যা শিক্ষাজীবন এগিয়ে নিতে ইচ্ছুক কিন্তু আর্থিক প্রতিবন্ধকতার মুখে থাকা বাসিন্দাদের সহায়তা করবে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “শিক্ষা মানুষের জীবনে নতুন সুযোগের দ্বার খুলে দেয়। এই তহবিলের মাধ্যমে আমরা আমাদের বাসিন্দাদের শিক্ষার পথে আর্থিক বাঁধা কমাতে কাজ করছি, যাতে তারা নতুন দক্ষতা অর্জন করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এই তহবিল ইতোমধ্যে হাজারো বাসিন্দার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতেও করবে।”

ডেপুটি মেয়র  এবং শিক্ষা বিষয়ক লীড মেম্বার, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “এই গ্র্যান্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা। যারা আর্থিক কারণে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যেতে পারবে না, তাদের জন্য এটি এক বড় সহায়তা। আমরা চাই বাসিন্দারা তাদের লক্ষ্য অর্জন করুক এবং আমাদের বারা—তে আরও সুযোগ তৈরি হোক।”

ক্যানারি ওয়্যারফ গ্রুপের প্রধান নির্বাহী শোবি খান বলেন, “টাওয়ার হ্যামলেটস এবং ক্যানারি ওয়্যারফ ফারদার এডুকেশন ট্রাস্ট ১৯৯০ সাল থেকে বাসিন্দাদের সহায়তা করে আসছে। আমরা গর্বিত যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে এই সহযোগিতা অব্যাহত রাখছি, যা শিক্ষার সুযোগ এবং পেশাগত প্রশিক্ষণে সহায়তা করে বাসিন্দাদের জীবন ও ক্যারিয়ার বদলাতে সাহায্য করবে।”

টাওয়ার হ্যামলেটসের সেই সকল বাসিন্দা, যারা কমপক্ষে তিন বছর এই বারাতে বসবাস করছেন, জিসিএসই বা এ লেভেল শেষ করেছেন এবং আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করেছেন, তারা এই আর্থিক গ্র্যান্ট বা অনুদান লাভের যোগ্য বিবেচিত হবেন।

অনুদান সুবিধা পাওয়া যাবে উচ্চতর শিক্ষা, পেশাগত কোর্স ও প্রশিক্ষণ - এর জন্য, বিশেষ করে যাদের অন্য কোনো আর্থিক সহায়তা নেই।

২৩ মার্চ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে ২৬ জুন। কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner