গ্রাম বাংলা ১২ নভেম্বর ২০২৬

এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা হামলার অভিযোগ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কুষ্টিয়াঃ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পেট্রল বোমা নিক্ষেপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একতলা টিনশেড বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। এ ছাড়া দুটি ছাগল পুড়ে মারা গেছে।ঘটনার পর বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রল বোমা হামলার অভিযোগ করেছেন। দলটির পক্ষ থেকে এ ঘটনার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করা হয়েছে।এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রাস্তা থেকে বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় বাড়িতে সংসদ সদস্যের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও দলীয় নেতাকর্মীরা ঢাকা থেকে রওনা দিয়ে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় পৌঁছেছেন।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। রাত পৌনে দুইটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাড়ির পাঁচটি কক্ষ ও দুটি ছাগল পুড়ে গেছে। তবে এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও দলটির নারী সংগঠন জাতীয় নারীশক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner