টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টসঃ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার জন্য বাংলাদেশের অপেক্ষা ছিল ভুটান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ফলাফলের দিকে। রবিবার (৮ নভেম্বর) দুই দলের লড়াই ২-২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে শুরুতে এগিয়ে যায় ভুটান। পরে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শ্রীলঙ্কা। তবে শেষ দিকে চেনচো গেইয়েলতশেনের গোলে সমতায় ফেরে ভুটান। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।এই ড্রয়ের ফলে ভুটান ও শ্রীলঙ্কা উভয়ের পয়েন্ট দাঁড়িয়েছে ১। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। ফলে গ্রুপের শেষ ম্যাচের আগেই টমাস ডুলির দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।ম্যাচের ৩৪ মিনিটে দাওয়া তিসেরাংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। অল্প সময়ের মধ্যেই সমতায় ফেরে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রবাসী উইঙ্গার ওলিভার জেমসের দূরপাল্লার শট ঠেকাতে ব্যর্থ হন ভুটানের গোলরক্ষক।প্রথমার্ধের শেষ দিকে আবারও গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। ওলিভার জেমসের ক্রস থেকে ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন ওয়াসিম রাজেক। ফলে বিরতিতে যাওয়ার আগে ২-১ গোলে এগিয়ে থাকে শ্রীলঙ্কা।দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভুটান। ৬৬ মিনিটে পেনাল্টি পায় তারা। তবে চেনচো গেইয়েলতশেনের শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেইরা। ফিরতি শটও গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিলন সেনান ডি সিলভা।তবে ৭৭ মিনিটে আর রক্ষা হয়নি শ্রীলঙ্কার। চেনচোর ফ্রি-কিক ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি গোলরক্ষক সুজান পেরেইরা। ফিরতি বল থেকে তানদিন তিসেরাংয়ের পাস পেয়ে দারুণ শটে জালে বল পাঠান চেনচো। এতে ২-২ গোলে সমতায় ফেরে ভুটান।ম্যাচের শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের চেষ্টা চালায়। শ্রীলঙ্কার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি রাহুল সুরেশ। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে গ্রুপের চূড়ান্ত অবস্থান। অন্যদিকে, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভুটানকে।
ভুটান-শ্রীলঙ্কার ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ








