স্কুল ইউনিফর্ম গ্রান্ট, কাউন্সিল ট্যাক্স রিলিফ সহ বিভিন্ন সহায়তার ক্ষেত্রে আয়সীমা ৬০ হাজার পাউন্ডে উন্নীত
৯৬২০ জন শিক্ষার্থী পেয়েছে স্কুল ইউনিফর্ম গ্র্যান্ট এবং ইএমএ ও ভার্সিটি বার্সারি
সবার জন্য ইউনিভার্সেল ফ্রি স্কুল মিল, বছরে সুবিধা পাচ্ছে প্রায় ৩৮ হাজার শিশু
আসছে ভার্সিটি স্টুডেন্টদের জন্য প্রথম বছরের ট্রেভেল পাস, ফ্রি ল্যাপটপ এবং মেটারনিটি গ্রান্ট
ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ মোকাবেলায় টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের কাউন্সিলের বিশেষ সহায়তা কর্মসূচির পরিধি আরও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বৈপ্লবিক সিদ্ধান্ত হচ্ছে পারিবারিক আয়সীমা ৬০,০০০ পাউন্ডে উন্নীত করা। এর ফলে নতুন করে হাজার হাজার পরিবার সহায়তা কর্মসূচি গুলোর সুবিধা লাভের যোগ্যতা অর্জন করবে।
শুক্রবার (৪ এপ্রিল) টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়রের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে কাউন্সিলের নেয়া যুগান্তকারী কিছু সিদ্ধান্ত ও কর্মসূচির তথ্য এবং এর সুফল তুলে ধরেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র এবং ট্যাকলিং ইন্ইক্যুয়েলিটি এন্ড দ্যা কস্ট অব লিভিং বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর মাইয়ুম তালুকদার এবং কেবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, এসেটস্ এন্ড গভর্ন্যান্স, কাউন্সিলর আবু তালহা চৌধুরীসহ অন্যান্য কেবিনেট মেম্বারগণ। এছাড়া কাউন্সিলের বৈষম্য বা ইনইক্যুয়েলিটি মোকাবেলা ও এনগেজমেন্ট বিভাগের পরিচালক অ্যামি জ্যাকসন এবং চিলড্রেন সার্ভিস বিভাগের করপোরেট ডিরেক্টর স্টিভ রেডি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান জানান, “স্কুল ইউনিফর্ম অনুদান এবং কাউন্সিল ট্যাক্স রিলিফ সহ বিভিন্ন সহায়তা প্রকল্পের সুবিধা লাভের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে পারিবারিক আয়সীমা আগের ৫০,৩৫০ পাউন্ড থেকে বাড়িয়ে ৬০ হাজার পাউন্ড করা হয়েছে। ২০২৫/২৬ বর্ষে এই কর্মসূচির আওতায় ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী আর্থিক অনুদান পেয়েছে। পারিবারিক আয় সীমা ৬০ হাজার পাউন্ডে উন্নীত করার ফলে সুবিধাভোগী শিক্ষার্থীদের সংখ্যা এবার অর্থাৎ ২০২৬/২৭ অর্থবছরে ৬৮৯২ জন অর্থাৎ দ্বিগুণের ও বেশি হবে বলে আশা করা হচ্ছে।” মেয়র বলেন, “শুধু এই খাতে আমরা এ পর্যন্ত ৩ মিলিয়ন বা ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছি।”
ব্রিফিংয়ে জানানো হয় যে, স্কুল ক্লথিং গ্রান্ট স্কিমের আওতায় প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য শিশুপ্রতি ৫০ পাউন্ড এবং সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য জনপ্রতি ১৫০ পাউন্ড দেওয়া হয়। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে নতুন ভর্তি হওয়া ইয়ার ওয়ান ও ইয়ার সেভেন শিক্ষার্থীদের পাশাপাশি এবার ইয়ার থ্রি ও ইয়ার টেনে ওঠা শিক্ষার্থীরাও এই সুবিধার আওতায় আসবে। আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর।
ব্রিফিংয়ে বক্তৃতাকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা জানি যে অনেক পরিবার এখনও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ অনুভব করছে এবং স্কুল পোশাকের খরচ পারিবারিক বাজেটের ওপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করতে পারে। বাসিন্দাদের সুরক্ষা দিতে কাউন্সিল দৃঢ়প্রতিজ্ঞ, আর সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন এই সম্প্রসারিত সহায়তা কর্মসূচি।”
“ইউনিভার্সাল ফ্রি স্কুল মিলস্ ও স্কুল ক্লোথিং গ্রান্টের মতো অনন্য উদ্যোগ দেশের অন্যান্য অপরাপর কর্তৃপক্ষের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে” উল্লেখ করে মেয়র বলেন, “টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এমন একটি সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে, যা তাদের মূল্যবোধের প্রতিফলন এবং যা স্থানীয় কমিউনিটিগুলোকে প্রকৃত অর্থেই সহায়তা করে।”
তিনি বলেন, “স্কুল ক্লথিং গ্রান্ট কর্মসূচির আয়ের সীমা ৬০০০০ পাউন্ড পর্যন্ত বাড়িয়ে আমরা আরও হাজারো পরিবারকে তাদের সন্তানদের নতুন শিক্ষাবর্ষের জন্য সর্বোত্তম প্রস্তুতি নিতে সহায়তা করছি। এই সহায়তা কর্মসূচি হচ্ছে বারার কমবয়সী জনগোষ্টির জন্য বিনিয়োগ বৃদ্ধি এবং সুযোগের পথে থাকা বাঁধা দূর করার ব্যাপারে আমাদের বৃহত্তর অঙ্গীকারেরই অংশ।”
মেয়র বলেন, “আমরাই ইংল্যান্ডের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ যারা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য সার্বজনীন ফ্রি স্কুল মিল চালু করি। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ৪.৫ মিলিয়নেরও বেশি খাবার পরিবেশন করা হয়েছে।”
মিডিয়া ব্রিফিংয়ে উচ্চ শিক্ষায় অগ্রসর হওয়া শিক্ষার্থীদের জন্যও সুখবর দিয়েছে কাউন্সিল। ২০২২ সালে পুনরায় চালু হওয়ার পর এ পর্যন্ত ৩৯৯৮ জন এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স বা ইএমএ (৬০০ পাউন্ড) এবং ২৪০০ জন ইউনিভার্সিটি বার্সারির (১৫০০ পাউন্ড) পেয়েছে। সব মিলিয়য়ে এ পর্যন্ত ৬৩৯৮ জন শিক্ষার্থীকে ৫.৭ মিলিয়ন বা ৫৭ লাখ পাউন্ডের ও বেশিও অর্থ শিক্ষা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এখন এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্রাভেল পাস, যা তাদের বিশ্ববিদ্যালয়ে যাতায়াত সহ চলাচলের ক্ষেত্রে সহায়তা করবে। একই সাথে আর্থিক ক্রাইটেরিয়া অনুযায়ি শিক্ষার্থীরা পাবে ফ্রি ল্যাপটপ।
সংবাদ সম্মেলনে নির্বাহী মেয়র বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্রেভেল পাসের পাশাপাশি নতুন মায়েদের জন্য ম্যাটারনিটি গ্রান্ট কর্মসূচিও শিগগিরই চালু হবে বলে জানান।
কাউন্সিল ট্যাক্স এর ক্ষেত্রেও আর্থিক প্রণোদনা বা সহায়তা সুবিধা বাড়ানো হয়েছে বলে মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়।
মেয়র লুৎফুর রহমান জানান, “দেশের হাতে গোনা কয়েকটি স্থানীয় কর্তৃপক্ষের একটি হিসেবে আমরা “কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম (সিটিআরএস)” এর আওতায় এমন একটি ট্যাক্স ছাড়ের সুবিধা দেয়া হচ্ছে, যেখানে বাসিন্দারা শুধু সামান্য ছাড় নয় - চাইলে তাদের পুরো কাউন্সিল ট্যাক্স, অর্থাৎ ১০০% পর্যন্ত মওকুফ পেতে পারেন।”
তিনি জানান, গত এক বছরে ২০ হাজার ৫১২ জন কর্মক্ষম বয়সের বাসিন্দা এবং ৭ হাজার ৫৩৭ জন পেনশনভোগী “কাউন্সিল ট্যাক্স রিডাকশন স্কিম (সিটিআরএস)” এর সুবিধা পেয়েছেন, যার ফলে ২০২৫ - ২৬ অর্থবছরে সুবিধাভোগিদের মোট তিন কোটি ৪৬ লাখ পাউন্ড সাশ্রয় হয়েছে। আগামী অর্থবছরে এই অঙ্ক তিন কোটি ৬৫ লাখ পাউন্ডে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২৫ সালে চালু হওয়া কাউন্সিল ট্যাক্স কস্ট অব লিভিং রিলিফ ফান্ড, যা এ বছরের ২.৯৯ শতাংশ কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির চাপ সামলাতে সহায়তা করছিল, এখন থেকে ৬০ হাজার পাউন্ড পর্যন্ত আয়ের যেসব পরিবার আগে থেকে কাউন্সিল ট্যাক্স সহায়তা পাচ্ছে না, তারাও এর আওতায় আসবে। এ ছাড়া নতুন চালু হওয়া হার্ডশিপ ফান্ড থেকে সহায়তা পাবেন সেই সব কাউন্সিল ভাড়াটিয়া, যাঁরা নিজেরাই ভাড়া পরিশোধ করেন এবং হাউজিং বেনিফিট, ইউনিভার্সাল ক্রেডিট বা পেনশন ক্রেডিট পান না। এজন্য যোগ্য হতে হলে তাঁদের পারিবারিক আয় ৬০ হাজার পাউন্ডের মধ্যে হতে হবে।
ব্রিফিংয়ে ফ্রি স্কুল মিলস্ কর্মসূচির অগ্রগতির কথাও তুলে ধরা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য চালু হওয়া এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ২০ লাখ বা ২ মিলিয়নেরও বেশি খাবার পরিবেশন করা হয়েছে। পারিবারিক আয় বিবেচনা না করে দেশের মধ্যে প্রথম বারা হিসেবে সব মাধ্যমিক শিক্ষার্থীর জন্য ফ্রি স্কুল মিল চালু করে টাওয়ার হ্যামলেটস। প্রতিবছর প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী এই সুবিধা পাচ্ছে, আর এতে প্রতিটি শিশুর জন্য পরিবারগুলোর গড়ে বছরে ৫৫০ পাউন্ড সাশ্রয় হচ্ছে। যদি কোন পরিবারে ৩ জন্য স্কুলগামি শিক্ষার্থী থাকে, তাহলে এই খাতে তাদের বছরে সাশ্রয় হতে পারে গড়ে ১৬৫০ পাউন্ড।
“ইয়াং টাওয়ার হ্যামলেটস” নামে কাউন্সিলের ইয়ুথ সার্ভিস বা যুব উন্নয়ন কর্মসূচি ২০২৩ সালে পুণরায় কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে আনার পর থেকে এ পর্যন্ত ১৩.৭ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে।
একই সঙ্গে বারার ফুড হাব তহবিল, যা টাওয়ার হ্যামলেটস ফুড ব্যাংক বা ফুড স্টোরগুলোকে সহায়তা দেয়, পর্যাপ্ত খাবার কিনতে না পারা বাসিন্দারা যেখান থেকে খাদ্য সহায়তা পান, তা বাড়িয়ে সর্বোচ্চ আট লাখ ৮৫ হাজার পাউন্ডে উন্নীত করা হয়েছে।
কেবিনেট মেম্বার ফর ট্যাকলিং ইন্ইক্যুয়েলিটি এন্ড দ্যা কস্ট অব লিভিং, এবং ডেপুটি মেয়র, কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, “আয়সীমা ৬০ হাজার পাউন্ডে উন্নীত করার অর্থ হলো, যেসব পরিবার আগে এই আয়সীমার বাইরে থাকায় প্রয়োজনীয় সহায়তা পেত না, তারাও এখন এর আওতায় আসবে।” তিনি আরও বলেন, “কমিউনিটি সংগঠনগুলোর জন্য আমাদের বিভিন্ন গ্র্যান্ট স্কিম রয়েছে, যার মাধ্যমে বছরে প্রায় ৬ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়া হয়। আমরা চাই, যোগ্য সব সংগঠন এসব গ্র্যান্টের জন্য আবেদন করে সুযোগের সর্বোচ্চ সুবিধা নিক।”
চিলড্রেন সার্ভিস বিভাগের করপোরেট ডিরেক্টর স্টিভ রেডি ব্রিফিংকালে বলেছেন, “শিশু ও তরুণদের জন্য টাওয়ার হ্যামলেটসের বিনিয়োগ নিয়ে আমরা গর্বিত। ফ্রি স্কুল ইউনিফর্ম, ফ্রি স্কুল মিলস্, ইএমএ, বার্সারি এবং ইয়ুথ সার্ভিসে বিনিয়োগের মাধ্যমে আমরা তরুণদের পাশে দাঁড়াচ্ছি। আমরা বিশ্বাস করি, আমাদের শিশুরাই টাওয়ার হ্যামলেটসের ভবিষ্যৎ এবং তাদের জন্য বিনিয়োগ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।”
কেবিনেট মেম্বার ফর ফাইন্যান্স, কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “দেশের অন্যান্য কাউন্সিলের মতো টাওয়ার হ্যামলেটসও আর্থিক এবং সার্ভিস সংক্রান্ত নানা চাপ মোকাবিলা করছে। তারপরও আমরা প্রয়োজনীয় তহবিল নিশ্চিত করে আমাদের প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করেছি।”
কাউন্সিলের বৈষম্য মোকাবিলা ও এনগেজমেন্ট বিভাগের পরিচালক অ্যামি জ্যাকসন বলেন, “দারিদ্র্য মোকাবিলা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। মেয়রের উদ্যোগে গঠিত এন্টি পোভার্টি টাস্কফোর্সের মাধ্যমে কাউন্সিলের সব বিভাগ একসঙ্গে কাজ করছে। আমাদের লক্ষ্য হলো, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, প্রমাণের ভিত্তিতে তারা যেন প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পান।”
স্কুল ক্লথিং গ্রান্টের জন্য আবেদন গ্রহণ কার্যক্রম চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। সকল ধরনের সহায়তা কর্মসূচির বিস্তারিত তথ্য ও যোগ্যতা যাচাই এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে ভিজিট করুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট (www.towerhamlets.gov.uk)|








