টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকরদিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাকরদিয়া তেরাদল আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত এ পুনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুক্তরাজ্যসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্য থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।
সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে গ্রামের বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কাটা, পবিত্র কোরআন তিলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করা হয়।
শিশু-কিশোর ও মহিলাদের জন্য অনুষ্ঠানে ছিল নানা আয়োজন।এর মধ্যে ম্যাজিক শো, সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ, মিউজিক্যাল চেয়ার, হেনা আর্ট ও ফেস পেইন্টিং উল্লেখযোগ্য । ব্রিটেনে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন সৃজনশীল পরিবেশনাও ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন শিক্ষার্থী ও নতুন প্রজন্মের কৃতি শিক্ষার্থীদের বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয়।একই সময় মহিলা ও শিশু কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতারও পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণ করেন। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে প্রবাসীদের সমন্বিতভাবে কাজ করা, প্রিয় শিক্ষক ও প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে আরও সম্পৃক্ত থাকার বিষয়ে আলোচনা হয়।
দুই পর্বে বিদ্যালয়ের বিভিন্ন দিক , শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিদ্যালয়ের ইতিহাস, শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা তুলে ধরা হয়।
ট্রাস্টের সভাপতি নুরুল আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল করিম খান। সহ-সভাপতি লোকমান হোসেন চৌধুরীর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সহযোগিতা করেন সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, এডুকেশন সেক্রেটারি মো. আবু তাহের, জয়েন্ট ট্রেজারার অহিদুর রহমান চৌধুরী ও স্পোর্টস সেক্রেটারি মখলেসুর রহমান ছোটনসহ ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন নুরুল হুসেন কাদির, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, রিয়াজ উদ্দিন কামাল, আহবাব আলম চৌধুরী, সাব্বির খান, রশিদ আহমেদ রাশেদ, সাইফুর রহমান, কাউন্সিলর ব্যারিস্টার আতিকুর রহমান, সুলতান মাহমুদ, ফয়জুল বারী, আবু সিনহা হীরণ, শহীদুজ্জামান, ব্যারিস্টার আব্দুল হাদী খান ও মনসুর খান প্রমুখ।
বক্তারা কাকরদিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসে থাকা সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার আহ্বান জানান তাঁরা।
পুনর্মিলনীতে অংশ নেওয়া সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও এলাকার মানুষের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে স্মৃতিচারণ করেন। এতে বিদ্যালয়জীবনের নানা স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকেরা জানান, কাকরদিয়া তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী পাঁচ বছর পর আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ওই অনুষ্ঠান করার প্রত্যাশা তাঁদের।
অনুষ্ঠানে নানা পদের খাবার উপকরণের ভেন্ডারদের কাছে ছিল উপচে পড়া ভিড়। একই সঙ্গে ছিল সিলেটের চা ও বাহারি পান-সুপারির আয়োজন। ট্রাস্টের পক্ষ থেকে সবার জন্য ছিল পার্সোনালাইজড বিস্কুট।
রাত প্রায় এগারোটা পর্যন্ত চলা অনুষ্ঠানের সমাপ্তি হয় বিশেষ মোনাজাতের মধ্যে দিয়ে ।








