আনসার আহমেদ উল্লাহ : গত শুক্রবার, ৩১ জুলাই, পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিক লেইন জামে মসজিদের কনফারেন্স হলে মিট দ্যা প্রেসে অনুষ্টানে লিখিত বক্তব্য পাঠ করেন, ব্রিক লেইন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক মোহাম্মদহরমুজ আলী।
আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি হামিদুর রহমান চৌধুরী ও সাধারণ সমসম্পাদক হেলালদ্দিন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম, খতিব মাওলানা নজরুল ইসলাম।
মিট দ্য প্রেসে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিক লেন জামে মসজিদ সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের পক্ষে মোহাম্মদ হরমুজ আলী । লিখিত বক্তব্যে তিনি বলেন ১৯৭৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ব্রিক লেন জামে মসজিদ ট্রাস্ট এবছর (১৯৭৬-২০২৬) ৫০ বছরে পদার্পণ করেছে। লন্ডনে আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা কমিউনিটির সকলকে নিয়ে উদযাপন করতে সকলের আন্তরিক সহযোগিতা চাই।
আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার এবং ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ব্রিক লেন মসজিদেই দুদিন ব্যাপী এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদযাপন করা হবে। এই ৫০ বছর পূর্তি উদযাপনে আমরা আপনাদের সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।
দু’শতাব্দীর অধিককাল থেকে ব্রিক লেইন জামে মসজিদের ভবনটি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১৭৪৩ সালে এটি একটি ফরাসী প্রোটেষ্টট্যান্ট গীর্জা হিসেবে তৈরি করা হয়েছিলো, তারপর এটি ম্যাথডিষ্ট চ্যাপেল হিসেবে ব্যবহৃত হয় এবং ১৮৯৮ সালে ইহুদি অধ্যুষিত এলাকা হিসেবে বিখ্যাত সিনেগগে রূপান্তরিত হয় এ ভবনটি। বর্তমান জামে মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে।
লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদ একটি ঐতিহাসিক মসজিদ, ইউরোপসহ যুক্তরাজ্যের অনেক বই-পুস্তক এবং জার্নালে ঐতিহাবাহী এ মসজিদের উল্লেখ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ৩০ জানুয়ারী ২০০৬ সাল থেকে বহুল প্রত্যাশিত এ মসজিদের মিনার নির্মাণের কাজ হাতে নেয়া হয়। ১৯৭৬ সালে মসজিদ হওয়ার পর ভবনটির কাঠামোগত পরিবর্তন ব্যতিরেখে ভিতরের কক্ষগুলির ব্যাপক সংস্কার করা হয়েছে।
তিন থেকে চার হাজার মুসল্লী ব্রিক লেইন জামে মসজিদে নামাজ আদায় করেন। শিশু-কিশোরদের জন্য হাফিজি এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে। বাংলা শিক্ষার জন্যও ক্লাস চালু আছে। মসজিদের জন্য কোন সরকারী অনুদান পাওয়া যায় না, মুসল্লীদের দানেই মসজিদের ব্যয়ভার চলে।
ব্রিক লেইন জামে মসজিদের পরিচালনা পরিষদ এলাকার মুসল্লীদের দীর্ঘদিনের প্রত্যাশিত মিনার নির্মাণ করা সহ মসজিদ ও মাদ্রাসার ব্যাপক উন্নয়ন ও মেরামতের কাজ শেষ করেছে এবং মসজিদের ফিউনারেল সার্ভিস চালু করেছে। সর্বোপরি আপনাদের সকলের সহযোগিতায় যথারীতি আল্লাহর ঘর মসজিদের খেদমত করে যাচ্ছে। ব্রিক লেইন জামে মসজিদের পরিচালনা পরিষদ আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ব্রিক লেইন জামে মসজিদ ট্রাস্ট এ বছর ৫০ বছরে পদার্পণ করেছে। আমাদের মুরুব্বিদের প্রতিষ্ঠিত ঐতিহাসিক এ ধর্মীয় প্রতিষ্ঠানটির সুদীর্ঘ এই পথচলা এবং অগ্রযাত্রাকে আমরা আপনাদের সকলকে নিয়ে উদযাপন করতে চাই।
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার ও ৬ সেপ্টেম্বর রবিবার ২০২৬ আমাদের মসজিদেই দু’দিনব্যপী এই সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদযাপন করা হবে। এই উদযাপনে আমরা আপনাদের সকলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করছি।








