ঐতিজ-জো কালেক্টিভ: তুফান
১৫ জুলাই - ৬ সেপ্টেম্বর ২০২৬
ব্যাকইয়ার্ড বিয়েনিয়াল: ইস্ট হলো ৮ সপ্তাহব্যাপী একটি বিনামূল্যের গ্রীষ্মকালীন শিল্প উৎসব, যা হোয়াইটচ্যাপেল গ্যালারির উদ্যোগে পূর্ব লন্ডনের ৪০টিরও বেশি স্থানীয় অংশীদার ও সহযোগী প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণে আয়োজন করা হয়েছে। এই বিয়েনিয়ালের অংশ হিসেবে, ঐতিজ-জো কালেক্টিভ পূর্ব লন্ডনভিত্তিক বাংলা শিল্প ও ঐতিহ্যবিষয়ক সংগঠন - উপস্থাপন করছে তুফান ।
বাংলা শব্দ “তুফান” থেকে অনুপ্রাণিত এই প্রদর্শনী ও লাইভ কর্মসূচি আকস্মিক পরিবর্তন, প্রবল শক্তি, বিপর্যয় এবং নতুন করে শুরু করার সম্ভাবনাকে প্রতীকায়িত করে । নারীবাদী বিজ্ঞান-কল্পকাহিনির অগ্রদূত লেখিকা বেগম রোকেয়া রচিত ছোটগল্প ‘সুলতানার স্বপ্ন’ (১৯০৫)-এর ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে, ঐতিজ-জো কালেক্টিভ তুফান-কে একটি ধারাবাহিক রূপান্তরের প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে—যেখানে অস্থিরতা থেকে পরিবর্তন এবং ভাঙন থেকে পুনর্গঠনের সম্ভাবনা উন্মোচিত হয়।
ক্রমাগত বিকাশের ধারণাকে ধারণ করে এই দলগত প্রদর্শনীটি সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপ লাভ করে। নতুন সংযোজন, শিল্পীদের পরিচালিত বিভিন্ন আয়োজন এবং দর্শকদের বহুমাত্রিক অংশগ্রহণ ও প্রতিক্রিয়ার মধ্য দিয়ে এটি নিরন্তর বিকশিত হয়। এই ধারাবাহিক পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় যে গভীর ও অর্থবহ রূপান্তর প্রায়ই অস্থিরতার ভেতর দিয়েই জন্ম নেয়। তাই এই প্রদর্শনী কোনো স্থির বা অপরিবর্তনীয় উপস্থাপনা নয়; বরং পুরো মৌসুমজুড়ে বিকশিত হতে থাকা একটি জীবন্ত ও চলমান শিল্প-অভিজ্ঞতা।
প্রতিরোধ ও কল্পনাশক্তির ১২১ বছরের ঐতিহ্য বহনকারী বেগম রোকেয়ার ভাবনাকে শ্রদ্ধা জানিয়ে, ‘তুফান’ দর্শকদের ঝড়কে নানা মাত্রায় অনুভব ও ব্যাখ্যা করার আমন্ত্রণ জানায়। একই সঙ্গে এটি সবাইকে একসঙ্গে ভাবতে উৎসাহিত করে—একটি ভাঙনের মুহূর্তের পর সামনে কী নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্মোচিত হতে পারে।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন রুকিয়া বেগম, পুয়ার দেওরুম, লাইসুল হক, জান্নাত হুসেন, শুমাইয়া খান, রেজিয়া ওয়াহিদ এমবিই, এবং আনিসাহ ইয়ামিনাহ।
পুরো গ্রীষ্মকালজুড়ে ‘তুফান’ শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং শিল্পী-পরিচালিত নানা কার্যক্রম ও আয়োজনের মাধ্যমে এটি হোয়াইটচ্যাপেল গ্যালারি-র বিভিন্ন পরিসরে ছড়িয়ে পড়ে।এর মধ্যে রয়েছে স্থানীয় বাংলাদেশি নারীদের সংগঠন মহিলা অঙ্গন-এর কমিউনিটির জন্য সাপ্তাহিক চিত্রাঙ্কন কর্মশালা; এমার্জেন্সি এক্সিট আর্টস এবং শিল্পী রুহুল আবদিন-এর সহযোগিতায় গ্যালারির প্রবেশদ্বারে ‘আলো দিয়ে গাঁথা’ স্থাপনাশিল্প; এবং বাংলাদেশের শালা নাইবারহুড আর্ট স্পেস- এর সহ-পরিকল্পনায় জিলখা অডিটোরিয়াম-এ আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনী “প্রসেস অফ বিং ওমএক্সান ”।
কর্মসূচিটি গ্যালারির বাইরেও অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে গ্রান্ড ইউনিয়ন ওরচেষ্ট্রা- এর সঙ্গে যৌথ সঙ্গীত পরিবেশনা “ বেঙ্গল টু বেথনাল গ্রীন”, যা ১৫ আগস্ট শনিবার টয়েনবি ষ্টুডিও - এ অনুষ্ঠিত হবে। এছাড়াও গ্রীষ্মকালজুড়ে পপলার- এ অবস্থিত ঐতিজ-জো আর্ট স্পেস- এ আরও বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রম আয়োজন করা হবে।
হোয়াইটচ্যাপেল গ্যালারিতে ঐতিজ-জো কালেক্টিভ: তুফান- এর অংশবিশেষ সংশ্লিষ্ট অনুষ্ঠানসমূহ:
শনিবার, ২৫ জুলাই, দুপুর ২:৩০ – বিকেল ৪:৩০
রুকিয়া বেগমের সঙ্গে ক্ষুদ্র বস্ত্রশিল্প (ট্যাপেস্ট্রি) বুনন
ওয়ার্কশপ
রবিবার, ২ আগস্ট, দুপুর ২:৩০-৩:৩০ এবং ৩:৩০ – ৪:৩০
রেজিয়া ওয়াহিদ এমবিই-এর সঙ্গে একটি বিশেষ মাইলফলক উদ্যাপন করুন।
ওয়ার্কশপ
শনিবার, ১৫ আগস্ট, দুপুর ২:৩০ – বিকেল ৪:৩০
আনিসাহ ইয়ামিনাহর সঙ্গে সুতা পেঁচিয়ে শিল্প সৃষ্টির অভিজ্ঞতা অর্জন করুন।
উন্মুক্ত (ড্রপ-ইন) ওয়ার্কশপ
শনিবার, ২২ আগস্ট, দুপুর ১২:০০- ১:৩০
জান্নাত হোসাইনের সঙ্গে স্মৃতিকে পুঁতিতে গেঁথে রাখা
উন্মুক্ত অংশগ্রহণমূলক পরিবেশনা
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, সন্ধ্যা ৭:০০-৭:৩০
পুয়ের ডেওরামের সঙ্গে সামগ্রিক চিত্র
পরিবেশনা








