টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টসঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জুয়াইরিয়া ফেরদৌসের অর্ধশত এবং শারমিন আক্তারের অপরাজিত ৩৭ রানের ওপর ভর করে ৫ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ডাচ নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ বলে ৫০ রান করেন অধিনায়ক বাবেট ডি লিড। এ ছাড়া, হিদার সিগার্স ১৬ ও ফেবে মোলকেনবার ১১ রান করেন। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট নেন।১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭ দশমিক ৪ ওভারে ৬৭ রান তোলে বাংলাদেশ। ওপেনার জুয়াইরিইয়া ফেরদৌস ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে আউট হন। তার বিদায়ের পর নতুন ব্যাটার হিসেবে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কোনো রান না করেই আউট হন। এরপর একাদশ ওভারে দিলারা আক্তার (২৬) ও সোবহানা মোস্তারিও বিদায় নেন।৮৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। এই দুই ব্যাটার ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের








