টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : টাওয়ার হ্যামলেটসের বর্তমান এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং তার দল এসপায়ার পার্টি আসন্ন ৭ মে ২০২৬ সালের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ১৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। জীবনযাত্রার ব্যয় সংকটে থাকা বাসিন্দাদের সহায়তা এবং সামাজিক সুরক্ষা জোরদারকে অগ্রাধিকার দিয়ে ইশতেহারে একাধিক নতুন ও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
এ উপলক্ষে ২৯ এপ্রিল বুধবার পূর্বলন্ডনের ওসমানী সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত ইশতেহারের সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—নিম্ন আয়ের পরিবারের প্রথম বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য লন্ডন টিউব, ওভারগ্রাউন্ড ও বাসে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থা চালু করা। এ লক্ষ্যে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)-এর সঙ্গে সমন্বয় করে ফ্রি ট্রাভেল পাস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইশতেহারে আরও উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—
দ্বিতীয় মেয়াদ শেষে ১২ হাজারের বেশি সাশ্রয়ী ও সোশ্যাল রেন্টাল হাউজিং নির্মাণ
টাওয়ার হ্যামলেটস প্রেগন্যান্সি পেমেন্ট” চালু করে নবজাতকের খরচে সহায়তা
নিম্ন আয়ের পরিবারের তরুণদের জন্য ল্যাপটপ সরবরাহ
চাইল্ডকেয়ার ভাউচার চালুর সম্ভাব্যতা পর্যালোচনা
ভিক্টোরিয়া পার্কে আউটডোর সুইমিং পুল এবং সেন্ট জর্জ’স ও হোয়াইটচ্যাপেল লেজার সেন্টারে নতুন সুইমিং পুল নির্মাণ
প্রবীণদের জন্য লাঞ্চন ক্লাব ও ডে ট্রিপের আয়োজন
প্রতিবন্ধী (SEND) শিশুদের জন্য বিশেষ সহায়তা বৃদ্ধি
এছাড়া, কাউন্সিল সার্ভিসগুলো ধাপে ধাপে ইন-হাউজে নিয়ে আসা, ডমেস্টিক ভায়োলেন্স ইউনিট গঠন, মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খালি বাড়ির ওপর জরিমানা বৃদ্ধির মতো উদ্যোগও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এসপায়ার পার্টি জানিয়েছে, আগের মেয়াদে প্রায় ১১০টি প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় নতুন ইশতেহার আরও বিস্তৃত সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে। ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর লুৎফুর রহমান প্রশাসন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল মিল চালু করে, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
অব্যাহত রাখা হবে এমন জনপ্রিয় কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—
ফ্রি স্কুল মিল (৩৮ হাজার শিক্ষার্থী উপকৃত)
£১,৫০০ ইউনিভার্সিটি গ্রান্ট ও এ-লেভেল শিক্ষার্থীদের জন্য EMA
২০টি ইয়ুথ সেন্টার ও নারী কেন্দ্র পরিচালনা
ফ্রি হোম কেয়ার সেবা ##বিনামূল্যে সাঁতার সুবিধাকম আয়ের পরিবারগুলোর জন্য কাউন্সিল ট্যাক্স ফ্রিজ
এছাড়া, কাউন্সিল হাউজিং উন্নয়নে £৬০৯ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ, ইয়ুথ সার্ভিসে বার্ষিক £১৩.৭ মিলিয়ন পাউন্ড বরাদ্দ এবং অপরাধ দমনে অতিরিক্ত বিনিয়োগ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে লুৎফুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য টাওয়ার হ্যামলেটসকে সবার জন্য কার্যকর করা। আমরা কঠোর বাজেট নীতির পরিবর্তে ফ্রন্টলাইন সেবায় গত ছয় বছরে £২৫০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছি। নতুন ইশতেহার সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই, কোনো শিক্ষার্থীর পড়াশোনা যেন যাতায়াত খরচের কারণে বাধাগ্রস্ত না হয়। একইভাবে ‘প্রেগন্যান্সি পেমেন্ট’ নবজাতক পরিবারগুলোকে বাস্তব সহায়তা দেবে।”
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি নেতা ও প্রতিনিধিরা ইশতেহারের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন। সমাপনী বক্তব্যে এসপায়ার পার্টির চেয়ার কে এম আবু তাহের চৌধুরী ‘Vote Aspire for Delivery and Continuity’ স্লোগানের মাধ্যমে ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি ধাপে বাসিন্দাদের সহায়তা নিশ্চিত করাই এ পরিকল্পনার মূল লক্ষ্য। নিরাপদ ও সাশ্রয়ী আবাসনকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।








