টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাতভর মেঘলা আকাশের পর ভোরের আলো ফুটতেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে ওঠে রাজধানী। অপ্রত্যাশিত এই বর্ষণে তাপদাহ থেকে সাময়িক স্বস্তি মিললেও দিনের শুরুটা হয়ে ওঠে বেশ ভোগান্তির।বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে শুরু হওয়া বৃষ্টি দ্রুতই নগরজীবনে প্রভাব ফেলে।কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও দিনমজুররা পড়েন বিপাকে। অনেকেই প্রস্তুতি ছাড়াই ঘর থেকে বের হওয়ায় মাঝপথে ভিজে যান, কেউ আশ্রয় নেন আশপাশের দোকান বা ভবনে। ছাতা থাকা সত্ত্বেও অনেকের পোশাক ও জুতা ভিজে যাওয়ায় দুর্ভোগ কমেনি।বৃষ্টির কারণে সড়কে যানবাহনের গতি কমে যায়, সৃষ্টি হয় জলজট।অফিস টাইমে এই ধীরগতি নগরবাসীর ভোগান্তি আরও বাড়িয়ে তোলে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বিশেষ করে সকাল ৯টার মধ্যে অন্তত ১৭টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।রংপুর থেকে চট্টগ্রাম ও সিলেট পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে এই অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দুপুর পর্যন্ত একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, বিশেষ করে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উপকূলীয় এলাকায় ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সকালে রাজধানীতে ঝুম বৃষ্টি, জনজীবনে ভোগান্তি








