কমিউনিটি ২৫ এপ্রিল ২০২৬

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

post

আনসার আহমেদ উল্লাহ : সংবাদ বিজ্ঞপ্তি: লন্ডনের ঐতিহ্যবাহী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৭ মে নির্বাচনকে সামনে রেখে লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পর এবার ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে নির্বাচনী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং পরিবর্তনের কথা বলেন।

গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল পূর্বলন্ডনের একটি হলরুমে লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন- টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার খালিস আহমদ, কাউন্সিলর প্রার্থী সাহেদা রহমান, কাউন্সিলর প্রার্থী সাদ চৌধুরী, কাউন্সিলর প্রার্থী জগলুল খান সহ আরো অনেকে ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এবং মেয়র প্রার্থী সিরাজুল ইসলামকে বিভিন্ন প্রশ্ন করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদ উল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, বর্তমান সহ সভাপতি এসকেএম আশরাফুল হুদা, এসিসটেন্ট সেক্রেটারি এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য - ব্রিজ বাংলা ২৪ এর সম্পাদক শাহ বেলাল,  এটিএন বাংলার প্রতিনিধি মোঃ সুয়েজ মিয়া, বাংলাদেশ প্রেসক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসেইন, আলোকচিত্রশিল্পী জি আর সোহেল, সাংবাদিক সাজ্জাদুর রহমান, রিপোর্টার্স ইউনিটির মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী সোহেল আহমদ, ইভেন্ট ম্যানেজমেন্ট-ফ্যাসিলেটিজ সেক্রেটারী ইমরান তালুকদার, ইউকেটিভিবিডির চেয়ার আব্দুল মোমিন, ব্রিকলেন টিভির প্রধান দিলু চৌধুরী, কেয়ারার এসোসিয়েশনের উপদেষ্টা শাহান চৌধুরী প্রমুখ।

টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের লেবার পার্টি মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও উপস্থিত সবাইকে স্বাগত জানান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম তার ঘোষিত ইশতেহারে মোট ২৫টি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে বলেন, যেখানে সুশাসন, আবাসন, শিক্ষা, নিরাপত্তা, পরিবেশ ও সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সুশাসন ও আর্থিক স্বচ্ছতার অংশ হিসেবে লেবার পার্টি যথাযথ শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, পূর্ববর্তী ব্যর্থতা সংশোধন এবং স্বজনপ্রীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং যোগ্যতার ভিত্তিতে চুক্তি প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম দুই বছর কাউন্সিল ট্যাক্স স্থির রাখার পরিকল্পনাও রয়েছে। তিনি আরো জানান, আবাসন খাতে ২০৩০ সালের মধ্যে ৫,০০০ সামাজিক আবাসন নির্মাণ বা পুনঃক্রয়ের মাধ্যমে প্রায় ১০,০০০ পরিবারকে সহায়তা করার পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া ভাড়া নিয়ন্ত্রণ, পুরোনো আবাসন আধুনিকীকরণ এবং হাউজিং ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলেছেন। এ সময় তিনি শিক্ষা খাতে প্রাথমিক স্তর থেকে জিসিএসই পর্যন্ত ইংরেজি ও গণিতে টিউশন সুবিধা সম্প্রসারণ, বিনামূল্যে স্কুল মিল বজায় রাখা এবং শিক্ষা ভাতা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে যুব সেবা ও শিশু উন্নয়নে বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পাবে বলে তিনি জানান। নিরাপদ ও সবুজ পরিবেশ গড়ে তুলতে পাড়াভিত্তিক পুলিশিং জোরদার, সিসিটিভিতে বিনিয়োগ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং পুনর্ব্যবহার কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩৩ শতাংশ পুনর্ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগেও জোর দেওয়া হয়েছে। সমাজ ও কল্যাণের অংশ হিসেবে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে গৃহসেবা চালু রাখা, দারিদ্র্য দূরীকরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন  বৈশাখী মেলা, ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পুনরুজ্জীবনের কথাও জানিয়ে বলেন আগামীতে টাউন হলে ছোট-ছোট রুমে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চ্চার জন্যও সুযোগ সুবিধা ও বিভিন্ন বরাদ্ধ দেওয়া হবে। কাউন্সিলের অন্যান্য সেন্টারগুলো, যে কয়টি বন্ধ রয়েছে সেগুলো কমিউনিটির স্বার্থে পূনরায় চালু করা হবে। সিরাজুল ইসলাম জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত গণসংলাপ এবং প্রতি তিন মাস অন্তর ‘মেয়রকে জিজ্ঞাসা করুন’ কর্মসূচি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

উপস্থিত লেবার পার্টির নেতৃবৃন্দ ও প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, আগামী ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা তাদের সমর্থন জানাবেন এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লেবার পার্টি বিজয়ী হবে আশাবাদ ব্যক্ত করেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner