বাংলাদেশ ২৫ মার্চ ২০২৬

খুলনার বিপজ্জনক সড়কে এক অচেনা হাত আমার জীবন রক্ষা করলো

নিরাপদ সড়কের দাবিতে সরকারের কাছে খোলা চিঠি

post


একটি ছোট্ট ঘটনা, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে বড় একটি প্রশ্ন—আমাদের সড়কগুলো কতটা নিরাপদ ? 

শিল্প নগরী খুলনা । শিববাড়ি ছয় রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিলাম আমি। চারপাশে দ্রুতগতির গাড়ি,রিকশা ,মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মিছিল । হর্নের শব্দ, মানুষের ব্যস্ততা—সবকিছু মিলিয়ে এক অস্থির পরিবেশ। রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল,কখন বুঝি  গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে যাই ।আর আমার শরীরের লাল রক্তে রঞ্জিত হয় পিচ ঢালা কালো পথ।এক অজানা ভয়ে তখন শরীরের সব রক্ত হিম হয়ে আসছিল ।

ঠিক সেই সময়, হঠাৎ পেছন থেকে একটি মেয়ে আমার হাত ধরে টেনে নিয়ে এলো রাস্তার মাঝখানে। কিছু বুঝে ওঠার আগেই আমি রাস্তার ওপারে পৌঁছে গেলাম। আমার ভীত হৃদয় তখনও স্বাভাবিক হয়নি। মেয়েটি হাত নেড়ে বিদায় জানাতে চাইলে আমি তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলাম—“কে তুমি? আমাকে চেনো ?  আমাকে কেন সাহায্য করলে ?”

সে মৃদু হেসে বলল, “আমি পাশের দোকানে কাজ করি। অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি রাস্তা পার হতে পারছেন না, তাই সাহায্য করলাম"।

অচেনা এই মেয়েটির  ছোট্ট মানবিকতা আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ  করলো ।মনে হলো পৃথিবীতে আজও মানবতা বেঁচে আছে।কিন্তু একই সঙ্গে ভীষণভাবে বিব্রত ও চিন্তিত হলাম ।মনে  প্রশ্ন জাগলো —কেন এমন বিপজ্জনক সড়কে একটি নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই? কেন নেই একটি ওভারব্রিজ, আন্ডারপাস,ট্রাফিক লাইট  কিংবা অন্তত একটি জেব্রা ক্রসিং ?

দেশে গেলে এমন অভিজ্ঞতা প্রায়ই হয়। প্রতিবারই মনে হয়, আমরা যেন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে চলাফেরা করছি। সড়ক উন্নয়ন নিয়ে বিশাল বাজেট ,নানা পরিকল্পনা ও প্রকল্পের কথা  শুনি, কিন্তু বাস্তবে এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখনো অবহেলিত কেন ? কার কাছে জবাব চাইবো ?

সড়ক দুর্ঘটনা আমাদের দেশে একটি নিত্য দিনের  সমস্যা। অথচ অনেক ক্ষেত্রে খুব সাধারণ কিছু পরিকল্পিত পদক্ষেপ নিলেই এই দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। যেখানে মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়, সেখানে নিরাপদ পারাপারের ব্যবস্থা করা কি এতটাই কঠিন ?

আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা ও আন্তরিক উদ্যোগ থাকলে এই সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজন শুধু দায়িত্ববোধ এবং মানুষের জীবনের মূল্য উপলব্ধি করার মানসিকতা।

আজ যে অচেনা মেয়েটি  হাত ধরে আমাকে নিরাপদে পৌঁছে দিল, সে হয়তো একজন সাধারণ মানুষ। কিন্তু তার এই ছোট্ট উদ্যোগ আমাদের সড়ক ব্যাবস্থার  একটি বড় ঘাটতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

আমার এই খোলা চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ—

দেশের ঝুঁকিপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। ওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং ট্রাফিক নিয়ন্ত্রণের উন্নত ব্যবস্থা নিশ্চিত করুন। মানুষের জীবন রক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।

একটি দেশের নিরাপদ সড়ক ব্যবস্থা কেবল উন্নয়নের প্রতীক নয়, এটি সেই রাষ্ট্রের মানবিকতা, দায়বদ্ধতা ও নাগরিকের জীবনের প্রতি সম্মানের স্পষ্ট মানদণ্ড। যে দেশের  সড়কে মানুষ  নিরাপদ নয়, সেখানে উন্নয়নের দাবি করা মানে নিছক গলাবাজি ছাড়া আর কিছু নয় ।সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মনে রাখতে হবে দেশে নিরাপদ সড়ক নিশ্চিত না করতে পারলে  উন্নয়ন অসম্পূর্ণ—আর নাগরিক অধিকার  প্রশ্নবিদ্ধ।

প্রবাসী সাংবাদিক লেখক ও কলামিস্ট শেখ মহিতুর রহমান বাবলুর ভেরিফাইড ফেসবুক থেকে সংগৃহীত। 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner