আন্তর্জাতিক ২১ মার্চ ২০২৬

তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে রয়েছে মস্কো: পুতিন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )রাশিয়া: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছে রাশিয়া। নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে রয়েছে মস্কো।শনিবার (২১ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, ফারসি নববর্ষ উপলক্ষে ইরানের জনগণ ও নেতৃত্বকে শুভেচ্ছা জানান পুতিন। বার্তায় তিনি আশা প্রকাশ করেন, চলমান কঠিন পরিস্থিতি ইরান সম্মান ও দৃঢ়তার সঙ্গে অতিক্রম করতে সক্ষম হবে।ক্রেমলিনের বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ গোটা অঞ্চলকে অনিশ্চয়তার গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে তার নিন্দা জানানো হয়।এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা বন্ধ করলে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করতে পারে; এমন একটি প্রস্তাব ওয়াশিংটনের কাছে দিয়েছিল মস্কো।তবে যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করে। যদিও এ ধরনের কোনো প্রস্তাবের বিষয়টি সরাসরি নাকচ করেছে ক্রেমলিন, তারা এটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ভূরাজনীতিতে রাশিয়া-ইরান সম্পর্ক ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একদিকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ঘিরে পরিস্থিতির কারণে মস্কো একটি ঘনিষ্ঠ মিত্র হারিয়েছে, অন্যদিকে ইরানকে ঘিরে উত্তেজনার ফলে জ্বালানির দাম বাড়ায় অর্থনৈতিকভাবে কিছুটা সুবিধাও পাচ্ছে রাশিয়া।উল্লেখ্য, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব থাকলেও তাদের চুক্তিতে সরাসরি পারস্পরিক সামরিক সহায়তার কোনো বাধ্যবাধকতা নেই। একই সঙ্গে মস্কো বরাবরই বলে আসছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়টি তারা সমর্থন করে না। রাশিয়ার আশঙ্কা, তেহরান পারমাণবিক বোমা তৈরি করলে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠতে পারে।সূত্র: রয়টার্স

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner