কমিউনিটি ১৭ মার্চ ২০২৬

১.৪ মিলিয়ন পাউন্ড ব্যয়ে রূপান্তর কাজ শেষে ক্যানারি ওয়ার্ফ আইডিয়া স্টোর পুনরায় চালু

post

টাওয়ার হ্যামলেটসের অন্যতম প্রধান লাইব্রেরি ও শিক্ষাকেন্দ্র আইডিয়া স্টোর ক্যানারি ওয়ার্ফ নতুন চেহারায় ফিরে এসেছে। ১ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড ব্যয়ে সম্পন্ন হওয়া ব্যাপক সংস্কারের পর সম্প্রতি এর কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি) এর ম্যানেজিং ডিরেক্টর সোফি গডার্ড নতুন রূপে সাজানো ভবনটির ফলক উন্মোচন করেন। যৌথভাবে অর্থায়ন করা এই প্রকল্পটি বারার লাইব্রেরি ও লার্নিং সেবাকে আরও উন্নত ও আধুনিক করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন সুবিধা, আধুনিক পরিবেশ

নবায়নের অংশ হিসেবে হিটিং, কুলিং ও ভেন্টিলেশন ব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নয়ন করা হয়েছে। সবচেয়ে বড় সংযোজন হলো সম্পূর্ণ নতুন শিশু লাইব্রেরি, যা এখন চার্চিল প্লেস প্রিসিঙ্কটের সাবেক পোস্ট অফিস ইউনিটে স্থানান্তর করা হয়েছে। ফলে পরিবার ও শিশুদের জন্য তৈরি হলো একটি নিবেদিত, আরও প্রশস্ত ও উপযোগী জায়গা।

আইডিয়া স্টোরের মূল ভবনেও অভ্যন্তরীণ স্পেস নবায়ন, উন্নত আলোকসজ্জা এবং আরও স্বাগতপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে সকল বয়সের বাসিন্দা ও দর্শনার্থীরা আরামদায়ক অভিজ্ঞতা পান।

উদ্বোধনী অনুষ্ঠানে এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের বিনিয়োগ আইডিয়া স্টোর ক্যানোরি ওয়ার্ফকে পরিণত করেছে অত্যাধুনিক, সুন্দর ও সবার জন্য সহজে ব্যবহারযোগ্য একটি স্থাপনায়। এটি আমাদের কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আরও বেশি মানুষকে লাইব্রেরি ও শেখার সুযোগের সঙ্গে যুক্ত করবে।”

ক্যানরি ওয়ার্ফ গ্রুপ (সিডব্লিউজি) এর ম্যানেজিং ডিরেক্টর সোফি গডার্ড বলেন, “এই সংস্কার প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা এমন একটি পাড়া গড়ে তুলতে চাই যেখানে সবার জন্য শেখার সুযোগ সহজলভ্য। ঐতিহ্যবাহী লাইব্রেরি সেবার সঙ্গে আজীবন শেখার সুযোগ যোগ হওয়ায় এটি ওয়ার্ফের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ সুবিধা হয়ে উঠবে।”

নানা সেবা নিয়ে সপ্তাহের সাত দিন খোলা থাকে ক্যানারি ওয়ার্ফের আইডিয়া স্টোর। এখন রয়েছে: হাজারো বই ধার নেওয়ার সুযোগ, ৫ বছরের নিচের শিশুদের জন্য দৈনিক স্টোরি টাইম, প্রাপ্তবয়স্কদের জন্য লার্নিং ক্লাস, বুক গ্রুপ, শিশুদের আর্ট ক্লাব, কিশোরদের জন্য নির্দিষ্ট স্পেস, ফ্রি ওয়াই-ফাই, ব্যক্তিগত ডিভাইস থেকে প্রিন্টিং সুবিধা।

পুরো প্রকল্পটি - নবায়ন, সম্প্রসারণ এবং নতুন সেবা - টাওয়ার হ্যামলেটসের লাইব্রেরি ব্যবস্থাকে আরও আধুনিক, প্রাণবন্ত এবং কমিউনিটি‑কেন্দ্রিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner