টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দলের চেয়ারম্যান তারেক রহমান বরাবর পৃথক চিঠিতে তারা এই সিদ্ধান্তের কথা জানান।সংসদীয় রেওয়াজ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের পদটি নিরপেক্ষ। পদত্যাগপত্রে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদের অভিভাবক হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার স্বার্থে তিনি দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটির সদস্য’ পদ থেকে পদত্যাগ করছেন।অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল তার চিঠিতে জানান, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির ‘আইন সম্পাদক’ পদ থেকে ইস্তফা দিচ্ছেন।এর আগে আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নির্বাচন শেষে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান।
দলীয় পদ ছাড়লেন স্পিকার-ডেপুটি স্পিকার








