টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে এ তথ্য জানান।এর আগে শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতেএক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘সংসদ সদস্যদের শপথ খুব দেরি হলেও এটা ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে। এর পরে যাবে না।শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক কাজও শুরু হয়েছে উল্লেখ করে প্রেসসচিব জানান, শপথের প্রস্তুতির কাজ গতকাল শুক্রবার থেকেই শুরু হয়েছে। শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফলের গেজেট এখন জারি করা হচ্ছে না।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি








