টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে। সেই প্রস্তাবের ওপর দুই দফায় দীর্ঘ বৈঠক শেষেও ঐকমত্যে পৌঁছাতে পারেনি শ্রমিক ও মালিকপক্ষ। প্রস্তাব চূড়ান্ত করতে আবার বৈঠকে বসবে মজুরি বোর্ড।সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছে। সেটির ওপর আলোচনা চলছে।
তিনি আরও বলেন, এই পর্যন্ত মজুরি বোর্ড দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত ঢাকার আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ছোট-বড়-মাঝারি কারখানা পরিদর্শন করেছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত সভায় উপস্থাপন করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় উপস্থাপন করা হয়েছে। মালিকপক্ষেরটাও উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়ে আলোচনা চলছে। হয়তো আমরা সহসাই পরবর্তী মিটিং করব। সেটি আগামীকাল (মঙ্গলবার) হতে পারে।মালিকপক্ষের প্রস্তাব না জানানোর কারণ হিসেবে চেয়ারম্যান বলেন, বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব এখনই জানানো যাচ্ছে না। মজুরি বোর্ড যে সুপারিশ করবে এবং সরকার যেটি নির্ধারণ করবে, চূড়ান্তভাবে সেটি মালিকপক্ষকেই বাস্তবায়ন করতে হবে। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।শ্রমিকদের উদ্দেশ্যে মজুরি বোর্ড চেয়ারম্যান বলেন, মজুরি বোর্ড যা কিছুই করবে, তা শ্রমিকদের জন্য করবে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং শ্রম আইন অনুযায়ী যেসব বিবেচ্য বিষয় আছে, সেগুলো করেই বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না, যেটি বেআইনি হয়, যেটি অবাস্তব হয়।তিনি আরও বলেন, বাজারমূল্য, শ্রমিকদের পরিবারের সদস্য, মালিকদের সক্ষমতা, বিশ্ববাজারে প্রতিযোগিতার অবস্থান কোথায় দাঁড়াবে, রপ্তানির বাজারে প্রতিযোগী সক্ষম থাকা যাবে কিনা—এসব বিবেচনায় নিয়ে আলোচনা হচ্ছে।শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, আজকের সভায় মালিকপক্ষ একটি প্রস্তাব দিয়েছে। কিন্তু এটিই চূড়ান্ত নয়।তবে আমাদের কাছে এটা যুক্তিসঙ্গত মনে হয়নি। আবার আমাদের প্রস্তাবও তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত আলোচনা চলবে।তিনি আরও বলেন,ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি এই মজুরি বোর্ডের। এটা একক কোনো মালিক বা শ্রমিকের বিষয় নয়। অতএব এখানে উৎপাদন বন্ধ রাখার পক্ষে কোনো শ্রমিক সংগঠন আমরা নই।শ্রমিকদের আমরা বারবার বলছি কাজে ফেরার জন্য। তারপরও বাজারমূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সাধারণ শ্রমিকরা আন্দোলন করছেন।মজুরি প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে কম মনে হওয়ার ব্যাখ্যা দিয়ে মালিকপক্ষের প্রতিনিধি এবিএম শামসুদ্দিন বলেন, ‘একটা হাঁস প্রতিদিন একটি সোনার ডিম দেয়। কিন্তু হাঁসটি অসুস্থ হয়ে যাওয়ার পরও কি সোনার ডিম আশা করা যায়?’
মজুরি নিয়ে সিদ্ধান্ত হয়নি, নতুন প্রস্তাব দেবে মালিক-শ্রমিক উভয়পক্ষ








