টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন।এর আগে এদিন তাকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে উত্তরার জামিয়াছিন ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন।পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ওই বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে প্রেরণ



.jpg)




