টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আগামী ২০২৭/২৮ অর্থবছরের বাজেট প্রণয়নের অংশ হিসেবে বার্ষিক বাজেট পরামর্শ কার্যক্রম শুরু করেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায় প্রতিষ্ঠান, কমিউনিটি সংগঠন এবং যারা বরোতে বসবাস বা কাজ করেন, তাদের সবার মতামত জানার জন্য এই পরামর্শ কার্যক্রম চালু করা হয়েছে।
কাউন্সিলের বাজেট নির্ধারণের মাধ্যমে ঠিক করা হয় কোন সেবাগুলোতে বিনিয়োগ করা হবে এবং কীভাবে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। এ কারণে স্থানীয় জনগণের মতামত বাজেট প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। কাউন্সিল জানতে চায় কোন সেবাগুলো বাসিন্দাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারা কোন সেবাগুলো নিয়মিত ব্যবহার করেন এবং ভবিষ্যতে কোন ক্ষেত্রগুলোতে আরও বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন।
টাওয়ার হ্যামলেটস্ এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটস এমন একটি বরো, যেখানে আমাদের বাসিন্দাদের চাহিদা ও অগ্রাধিকার সবসময় আমাদের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে থাকে। আমরা জীবনযাত্রার ব্যয় সংকটের সময়েও পরিবার, শিশু, প্রবীণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সহায়তায় বিনিয়োগ অব্যাহত রেখেছি। ফস্টার কেয়ারারদের জন্য কাউন্সিল ট্যাক্স বিল প্রত্যাহার এবং স্কুল পোশাক অনুদান সম্প্রসারণ তারই উদাহরণ। আগামী বছরের বাজেট নির্ধারণের আগে আমরা স্থানীয় মানুষের মতামত শুনতে চাই। তাই আমি সকল বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠনকে এই পরামর্শ কার্যক্রমে অংশ নিয়ে তাদের মতামত জানানোর আহ্বান জানাচ্ছি।”
বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অনেক পরিবার ও ব্যক্তির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সহায়তা প্রয়োজন এমন বাসিন্দাদের পাশে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে। দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনার ফলে কাউন্সিল একদিকে গুরুত্বপূর্ণ সেবাগুলো বজায় রাখতে সক্ষম হয়েছে, অন্যদিকে নতুন বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগও তৈরি করেছে।
সাম্প্রতিক বাজেটে গৃহীত উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ফস্টার কেয়ারারদের জন্য কাউন্সিল ট্যাক্স বিল প্রত্যাহারে ৭ লাখ ৮০,০০০ বরাদ্দ। এছাড়া স্কুল ইউনিফর্ম বা পোশাক অনুদান কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে আরও দুটি বর্ষের শিক্ষার্থীকে এর আওতায় আনা হয়েছে, যার ফলে হাজারো অতিরিক্ত পরিবার আর্থিক সহায়তা পেয়েছে।
কাউন্সিল বলছে, সুষ্ঠু ও টেকসই আর্থিক পরিকল্পনার মাধ্যমে তারা উচ্চমানের জনসেবা নিশ্চিত করতে, নতুন আবাসন নির্মাণে সহায়তা করতে, বরোতে বিনিয়োগ আকৃষ্ট করতে এবং আরও বেশি পরিবারকে সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কাউন্সিলের রিসোর্সেস অ্যান্ড কস্ট অব লিভিং বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “প্রতিটি পাউন্ড কোথায় ব্যয় হবে, তা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সেবাগুলো সুরক্ষিত রেখেছি এবং একই সঙ্গে বাসিন্দাদের জন্য অতিরিক্ত সহায়তা নিশ্চিত করেছি। এই বাজেট পরামর্শ কার্যক্রম আমাদেরকে বুঝতে সাহায্য করবে কোন সেবাগুলো স্থানীয় মানুষের কাছে সবচেয়ে বেশি মূল্যবান এবং ভবিষ্যতে কোথায় আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। আমি সবাইকে জরিপে অংশ নিয়ে তাদের মতামত জানানোর অনুরোধ করছি।”
বাজেট পরামর্শ বিষয়ক জরিপটি কাউন্সিলের ‘টক টাওয়ার হ্যামলেটস’ (Talk Tower Hamlets) অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হচ্ছে এবং এটি ৩০ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। কাউন্সিল স্থানীয় জনগণকে জরিপে অংশ নিয়ে তাদের মতামত জানানোর আহ্বান জানিয়েছে, যাতে আগামী বছরের বাজেট স্থানীয় জনগণের প্রয়োজন ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটাতে পারে।
আপনার মতামত জানাতে এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ২০২৭/২৮ বাজেট গঠনে অংশ নিতে ভিজিট করুন টক টাওয়ার হ্যামলেটস প্ল্যাটফর্ম - https://orlo.uk/d02Tb
আপনার মতামত, আপনার অগ্রাধিকার, আপনার টাওয়ার হ্যামলেটস।




.jpg)


