টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )রাজশাহী: বাংলাদেশ জাতীয়তবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সবসময় উজ্জীবিত হয়েছে। এজন্য দেশে যখনই অন্যায় জুলুম অত্যাচার, নির্যাতন ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছে তখনই এই ছাত্র-জনতা তা প্রতিরোধ করেছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে মানুষের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সংবাদপত্রের গলা টিপে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, পরবর্তীতে ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন মধ্য দিয়ে সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। তাঁর হাত ধরেই জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পায়। মূল স্বাধীনতার সুখ জিয়াউর রহমান দেশের মানুষকে দিয়েছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মোফাককারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, জেলা সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি প্রমুখ বক্তব্য রাখেন।২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে দিল্লির কাছে মাথা নত করা হয়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে একনায়কতন্ত্র কায়েম করেছিল। কিন্তু দেশের মুক্তিকামী ছাত্রসমাজ তা মেনে নেয়নি। তারা হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল।ছাত্র-জনতার আন্দোলনে হওয়া শহীদদের স্মরণ করে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা ন্যায়ের জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করে শহীদ হন, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকেন। তাদের কখনো মৃত্যু হয় না। তাদের এই আত্মত্যাগ প্রমাণ করে এই দেশ কোনো একনায়ক বা ফ্যাসিস্টদের জন্য নয়, এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের অনুপ্রেরণা : রিজভী








