টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।সড়কের নাজুক পরিস্থিতির কারণে বিকল্প হিসেবে রেলপথে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হলেও জনভোগান্তির আশঙ্কায় আপাতত সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে দলগুলো।তবে লংমার্চের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন গণমাধ্যমকে বলেন, একসঙ্গে কয়েক হাজার মানুষ ট্রেনে ঢাকা থেকে রওনা হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে।বিষয়টি বিবেচনায় নিয়ে লংমার্চ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচি একেবারে বাতিল করা হয়নি। শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।১১ দলীয় ঐক্যের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনের স্বাভাবিক যাত্রী পরিবহনও চালু থাকবে। একই সময়ে সাধারণ যাত্রীদের সেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। এ কারণে রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে।গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে দলগুলো। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়, যার সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
লংমার্চ স্থগিত করলো ১১ দল








