বাংলাদেশ ১২ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১২৯৯ জন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে হামের সংক্রমণ এখনো থামেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। বৃহস্পতিবার ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ২৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। একই সময়কালে নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৮০ জনে।চিকিৎসাসেবার চিত্রে দেখা যায়, ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৭৫ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ নয় হাজার ২০৭ জন। অর্থাৎ ভর্তি রোগীদের বড় অংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।মৃত্যুর হিসাবে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।দৈনিক হিসাবে আক্রান্তের সংখ্যা এখনো এক হাজারের বেশি থাকায় সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, এমনটি বলার সুযোগ নেই। বিশেষ করে কম বয়সী ও অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সময়মতো টিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।প্রায় আট মাস ধরে চলা এই সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়া জনস্বাস্থ্যের জন্য গুরুতর সতর্কসংকেত। টিকাদান কার্যক্রম জোরদার, উপসর্গ শনাক্তে দ্রুততা এবং হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা না গেলে ঝুঁকি আরও বাড়তে পারে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner