টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )খাগড়াছড়িঃ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে আবারও রাঙ্গামাটির সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি।বুধবার (২১ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার দেয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।বিবৃতিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে গত ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল রাখা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ২২ অক্টোবর সকাল ৬টা থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলে জানায় সংগঠন দুটি।এর আগে গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠন দুটি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয় প্রশাসনকে। তাদের দাবি, সাজেকে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সদস্যদের সরিয়ে নেয়ার। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর অবরোধ স্থগিত করা হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ১৫ অক্টোবর থেকে আবারও সড়ক অবরোধ করা হয়। পরে দুর্গাপূজা উপলক্ষে ছয় দিনের জন্য কর্মসূচি শিথিল রাখা হয়।এদিকে স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর থেকে সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের দুটি সশস্ত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চিল্ল্যাতুলি এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় সঞ্জিতা ত্রিপুরা নামে এক স্কুল শিক্ষার্থী।সাজেকে যাতায়াতের প্রধান সড়ক খাগড়াছড়ির দীঘিনালা ও বাঘাইহাট হয়ে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পৌঁছেছে। ফলে এ সড়কে অবরোধ হলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও জুমচাষিদের চলাচল এবং পণ্য পরিবহনও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির নেতারা জানিয়েছেন, এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। তবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ সরবরাহকারী যান, সংবাদপত্র বহনকারী যান এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।এদিকে নতুন করে অবরোধের ঘোষণায় সাজেকের পর্যটন খাত, স্থানীয় ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও হোটেল-মোটেল এবং রেস্তরাসহ বিভিন্ন পেশাজীবি মানুষ কর্মহীন হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে সাজেকে অবস্থানরত পর্যটকদের আজ বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
কাল থেকে আবারও সাজেক সড়ক অবরোধের ঘোষণা








