টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ কেবিন প্রেশারাইজেশন বা বায়ুর চাপজনিত ত্রুটির কারণে ভারতীয় একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।পরে এয়ার অ্যাম্বুলেন্সে থাকা রোগীকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিং এয়ার সি৯০এ মডেলের (নম্বর নং: ভিটি-এইচওয়াইএ) এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় ১টা ৪০ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করে।এর আগে ভারতীয় সময় ১টা ৫ মিনিটে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে। এতে ২ জন ক্রু, ১ জন রোগী, ১ জন চিকিৎসক ও ১ জন প্যারামেডিকসহ ৭ জন আরোহী ছিলেন।উড্ডয়নকালে বিমানটি ১২ হাজার ফুট উঁচুতে ওঠার সময় এর কেবিন প্রেশারাইজেশনে ত্রুটি দেখা দেয়, যার ফলে এর মূল দরজা ক্ষতিগ্রস্ত হয় এবং তা আংশিক খুলে যায়।আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ঢাকার দিকে গতিপথ পরিবর্তন করে ঢাকায় অবতরণ করে।জরুরি অবতরণের আগেই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী যান, অ্যাম্বুলেন্স, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সব জরুরি সংস্থাকে প্রস্তুত রাখা হয়।বেবিচক আরও জানায়, অবতরণের পর ক্রুসহ অন্য আরোহীরা নিরাপদ থাকলেও পরিবহন করা রোগীকে দ্রুত কুর্মিটোলার মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বেবিচক জানায়, এয়ার অ্যাম্বুলেন্সের আরোহীদের প্রয়োজনীয় ছাড়পত্র না থাকলেও মানবিক বিবেচনা ও আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কূটনৈতিক ছাড়পত্রের প্রক্রিয়ায় সহায়তা করা হয়। দূতাবাসের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয় করতে বেবিচক চেয়ারম্যান, সদস্য (পরিচালনা), সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এবং বিমানবন্দরের নির্বাহী পরিচালক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, এয়ার অ্যাম্বুলেন্সের রোগীর মৃত্যু








