বাংলাদেশ ০৯ অক্টোবর ২০২৬

গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে একটি বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের বহনকারী প্রাইভেটকারের পথরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস কর্মকর্তা হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এরিয়া ম্যানেজার ফরহাদ ও গাড়িচালক লাল মিয়া।পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস কর্মকর্তা হিমেল ও এরিয়া ম্যানেজার ফরহাদ নরসিংদী থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে করে শ্রীপুরের উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে বস্তায় করে তিন কোটি টাকা ছিল বলে জানা গেছে।পথে শ্রীপুরের গোসিঙ্গা-কর্নপুর এলাকার একটি গজারি বনে পৌছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তাঁরা প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অ্যাকাউন্টস কর্মকর্তা হিমেল গুলিবিদ্ধ হন।অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা টাকার বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে এরিয়া ম্যানেজার ফরহাদ ও গাড়িচালক লাল মিয়াও আহত হন। পরে টাকার বস্তা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।গাড়িচালক লাল মিয়া জানান, গজারি বনে পৌঁছানোর পর ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা ব্যক্তিরা তাঁদের গাড়ির পথরোধ করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকার বস্তা নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিতে তিনিও ও ফরহাদ আহত হন।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner