টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৮ দশমিক ০২২ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭ দশমিক ০৬৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রথম ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৩ দশমিক ৬ শতাংশ। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২ দশমিক ১৯৬ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৬৪ বিলিয়ন ডলার। ফলে সেপ্টেম্বরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। শুধু ২৩ সেপ্টেম্বরই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬২ মিলিয়ন ডলার।এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রার বাজারেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘ সাড়ে পাঁচ বছরের মধ্যে বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবস্থান তুলনামূলক শক্তিশালী পর্যায়ে রয়েছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার তারল্য পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ায় স্থানীয় মুদ্রার ওপর চাপ কিছুটা কমেছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরছে।কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য পয়েন্ট-টু-পয়েন্ট হিসাবে ০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে।এ ছাড়া চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টাকার মূল্য আরও ০ দশমিক ৭৭ শতাংশ শক্তিশালী হয়েছে।এ সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে আসে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। এরপর ধীরে ধীরে ডলারের দর বেড়ে ১২৩ টাকা ৯৫ পয়সায় পৌঁছায়। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে টাকার অবমূল্যায়নের সেই ধারায় পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে।
রেমিট্যান্স প্রবাহে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি, ২৩ দিনে এল ৮ বিলিয়ন ডলারের বেশি








