টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আয়োজনে আবারও ফিরে এসেছে বহুল প্রতীক্ষিত মেয়র'স কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরের মতো এবারও এই আসর পরিণত হতে চলেছে বারাজুড়ে ফুটবলপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে খুদে খেলোয়াড় থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রতিযোগী - সবাই মাঠ মাতাবেন নিজেদের দক্ষতা প্রদর্শনের মাধ্যমে।
টুর্নামেন্টে অংশ নেবে জুনিয়র, প্রাপ্তবয়স্ক পুরুষ ও প্রাপ্তবয়স্ক নারী - এই তিন বিভাগের খেলোয়াড়রা। মাঠের লড়াইয়ে বিজয়ীদের জন্য থাকছে ট্রফি, মেডেল ও নানা পুরস্কার। ছোট্ট খেলোয়াড়দের বয়সভিত্তিক বিভাগগুলো সাজানো হয়েছে আন্ডার ৮ থেকে শুরু করে আন্ডার ১৬ পর্যন্ত, রয়েছে বয়েজ ও অ্যাডাল্ট মেন বিভাগও। পাশাপাশি স্কুলপড়ুয়া মেয়েদের জন্যও থাকছে আলাদা আয়োজন - মেয়র'স স্কুলস্ কাপের অধীনে স্কুল ইয়ার ৭/৮ ও ৯/১০-এর ছাত্রীদের জন্য নির্ধারিত রয়েছে বিশেষ প্রতিযোগিতা।
টুর্নামেন্টের উত্তেজনা শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শনিবার, যেদিন অনুষ্ঠিত হবে ইয়ুথ হিটস এবং সঙ্গে থাকবে বিশেষভাবে সক্ষম (এসইএনডি বা সেন্ড) খেলোয়াড়দের জন্য এক প্রাণবন্ত ফেস্টিভ্যাল। পরদিন, ২০ সেপ্টেম্বর রবিবার, মাঠে নামবেন প্রাপ্তবয়স্ক প্রতিযোগীরা ওপেন এজ হিটসে। এরপর ২৬ সেপ্টেম্বর, শনিবার, জুনিয়র বিভাগের হিট ও ফাইনাল দুটোই অনুষ্ঠিত হবে মাইল এন্ড স্টেডিয়ামের মিনি পিচগুলোতে - যেখানে খুদে ফুটবলারদের পায়ের জাদুতে মেতে উঠবে গ্যালারি।
টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট মুহূর্তটি অপেক্ষা করছে ২৭ সেপ্টেম্বর, রবিবার। এদিন হিট পর্ব পেরিয়ে আসা ইয়ুথ ও ওপেন এজ বিভাগের সেরা দুটি দল মুখোমুখি হবে ফাইনালে, মাইল এন্ড স্টেডিয়ামের মূল মাঠে। প্রতিটি বিভাগ থেকে চূড়ান্ত লড়াইয়ে ওঠা দলগুলোর মধ্যে থাকবে জয়ের ক্ষুধা আর শিরোপা জয়ের রোমাঞ্চ, যা দর্শকদের জন্য হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা।
শুধু মাঠের লড়াই নয়, মেয়র'স কাপ পরিণত হয়েছে টাওয়ার হ্যামলেটসের সামাজিক ও ক্রীড়া সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশে। বছরের পর বছর ধরে এই আয়োজন স্থানীয় তরুণ-তরুণীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছে, পাশাপাশি গড়ে তুলেছে সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাবের এক সুস্থ পরিবেশ।
টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের প্রত্যাশা, এবারের আসরও দর্শক উপস্থিতি ও উচ্ছ্বাসের দিক থেকে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। পরিবার-পরিজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে মাঠে হাজির হয়ে ফুটবলের এই মহোৎসবে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।








