টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের সাবেক এই স্থায়ী প্রতিনিধিকে দুই বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দিয়েছে সরকার।বর্তমানে মোহাম্মদ আব্দুল মুহিত ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার এই নতুন দায়িত্বের কথা জানানো হয়।বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা তার সুদীর্ঘ ক্যারিয়ারে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করার আগে তিনি অস্ট্রিয়া ও ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী এই পেশাদার কূটনীতিক গ্রেড-১ মর্যাদায় লন্ডনের মিশনে যোগ দেবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ হবে দুই বছর। এই সময়ে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত থাকবে।চুক্তির শর্ত অনুযায়ী, নতুন এই পদে থাকাকালীন তিনি অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। যোগদানের তারিখ থেকেই তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত








