কমিউনিটি ০৫ আগস্ট ২০২৬

৫ আগষ্ট জাতীয় প্লে ডেঃ শিশুদের খেলাধুলায় উৎসাহ

post

যোগাতে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের আহ্বান শিশুদের সুস্থ ও আনন্দময় বেড়ে ওঠার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে ৫ আগস্ট পালিত হচ্ছে জাতীয় প্লে ডে (National Play Day)। এবারের প্রতিপাদ্য ‘.প্লে হেয়ার, দেয়ার এন্ড এভরিহোয়ার’, যার মাধ্যমে শিশুদের জন্য যেকোনো পরিবেশে খেলার সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, খেলা শিশুদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছোটবেলা থেকেই খেলাধুলার মাধ্যমে শিশুরা নতুন বিষয় শেখে, আত্মবিশ্বাস গড়ে তোলে এবং নিজেদের চারপাশের পৃথিবীকে বুঝতে শেখে।

খেলাধুলা বাবা-মা, অভিভাবক ও পরিচর্যাকারীদের সঙ্গে শিশুদের সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করে। একই সঙ্গে এটি শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) শিশুদের বয়স অনুযায়ী নিয়মিত শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পরামর্শ দিয়েছে। এক বছরের কম বয়সী শিশুদের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট ‘টামি টাইম’ বা উপুড় হয়ে খেলার সময় নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই সময়টি সারা দিনে ভাগ করে দেওয়া যেতে পারে, তবে শিশুটি অবশ্যই জেগে থাকতে হবে। শিশুরা যখন হামাগুড়ি দেওয়া বা চলাফেরা শুরু করে, তখন তাদের নিরাপদ পরিবেশে যতটা সম্ভব সক্রিয় থাকার সুযোগ দেওয়া উচিত।

অন্যদিকে, ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রতিদিন অন্তত তিন ঘণ্টা শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে হাঁটা, দৌড়ানো, বল খেলা, সাইকেল চালানো এবং খোলা জায়গায় সক্রিয়ভাবে খেলাধুলার মতো কার্যক্রম অন্তর্ভুক্ত থাকতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত খেলাধুলা শিশুদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য রক্ষায়ও সহায়তা করে। এটি সৃজনশীলতা, দলগতভাবে কাজ করার ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখে।

জাতীয় প্লে ডে উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের পরিবারগুলোকে শিশুদের নিয়ে পার্ক, খেলার মাঠ এবং বিভিন্ন স্থানীয় কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সারা বছরজুড়ে বারাতে শিশু ও পরিবারের জন্য নানা ধরনের অনুষ্ঠান, খেলাধুলা এবং কমিউনিটি কার্যক্রমের আয়োজন করা হয়, যা শিশুদের সক্রিয় জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে।

স্থানীয় বাসিন্দারা তাদের আশপাশে আয়োজিত খেলাধুলা ও পারিবারিক কার্যক্রম সম্পর্কে জানতে ফ্যামিলি ইনফরমেশন হাব (www.thfamilyinformationhub.co.uk/events) ওয়েবসাইটে তথ্য খুঁজে দেখতে পারেন।

জাতীয় প্লে ডে আয়োজকদের মতে, শিশুদের জন্য খেলার সুযোগ সৃষ্টি করা শুধু তাদের বর্তমান আনন্দের জন্য নয়, বরং তাদের সুস্থ, আত্মবিশ্বাসী ও সফল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের জীবনে শিশুদের খেলাধুলার জন্য সময় ও সুযোগ নিশ্চিত করতে পরিবার এবং সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


 


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner