কমিউনিটি ০১ আগস্ট ২০২৬

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ 'ফ্লাড আপিল'

post

লন্ডন, ৩১ জুলাই ২০২৬ : বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মুসলিম এইড ।

৩১ জুলাই শুক্রবার বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ মুসলিম এইড কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তারা বাংলাদেশের বন্যা পরিস্থিতি, চলমান ত্রাণ কার্যক্রম এবং ভবিষ্যৎ পুনর্বাসন পরিকল্পনা তুলে ধরেন।

সম্প্রতি বাংলাদেশ সফর করে আসা মুসলিম এইডের চিফ অপারেটিং অফিসার রাজীব হাসান বলেন, মৌসুমি বন্যায় বাংলাদেশের সাতটি জেলার ১২ লাখ ৮০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন । তাঁদের মধ্যে প্রায় ৪ লাখ ৩৬ হাজার মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষের ঘরবাড়ি, কৃষিজমি এবং প্রয়োজনীয় অবকাঠামো।

অনেক এলাকায় বন্যার পানি কমতে শুরু করলেও হাজার হাজার পরিবার এখনো নিরাপদ পানীয় জল, খাদ্য, বাসস্থান ও অন্যান্য মৌলিক সেবার সংকটে রয়েছে । বর্ষা মৌসুম চলমান থাকায় কিছু এলাকায় নতুন করে বন্যা বা জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কাও রয়েছে।

তিনি বলেন, মুসলিম এইড'র স্থানীয় অংশীদার ক্যারিতাস বাংলাদেশের সহযোগিতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । বিশেষ করে বান্দরবান জেলার প্রত্যন্ত অঞ্চলে ৮ হাজারের বেশি মানুষের কাছে জরুরি খাদ্যসামগ্রী ও নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। সাহায্য প্রদানের ক্ষেত্রে নারীপ্রধান পরিবার, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী মানুষ এবং ছোট শিশুসহ পরিবারগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাছাড়া চট্টগ্রাম অঞ্চলে এক বছরব্যাপী একটি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

রাজীব হাসান বলেন, “বাংলাদেশের বহু মানুষ বারবার বন্যার শিকার হচ্ছেন। একটি দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার আগেই তাঁদের আরেকটি দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। তাই জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি ভবিষ্যৎ দুর্যোগ মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, বন্যার তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা কমলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কাজ এখনো বাকি রয়েছে। ঘরবাড়ি মেরামত, জীবিকার উৎস পুনরুদ্ধার এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুসলিম এইডের কর্মকর্তারা। একই সঙ্গে বাংলাদেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে মুসলিম এইডের বাংলাদেশ ফ্লাড আপিলে অনুদান দেওয়ার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner