টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর মো. সাহাবুদ্দিন এখন সাবেক রাষ্ট্রপতি।রাষ্ট্রপ্রধানের পদ ছাড়লেও নিয়ম অনুযায়ী আরও দুই দিন বঙ্গভবনে অবস্থান করছেন তিনি। শনিবার (২৫ জুলাই) বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ি বৈঠক শেষে রোববার গুলশানে তার নিজস্ব ফ্ল্যাটে ফিরে যাওয়ার কথা রয়েছে। বঙ্গভবনের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে, শুক্রবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হঠাৎ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে একধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে গুঞ্জনটি সরাসরি নাকচ করে দেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনেই অবস্থান করছেন। তবে দুই-তিন দিন আগে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি দুইবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলেন। চিকিৎসকদের পরীক্ষায় জানা গেছে যে, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামের শারীরিক জটিলতায় আক্রান্ত।প্রেস সচিব আরও বলেন, পদত্যাগ করলেও মো. সাহাবুদ্দিন রাষ্ট্রাচার বা প্রটোকলের বাইরে যাননি। প্রচলিত নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস তিনি সরকারি প্রটোকল সুবিধা পাবেন এবং আনুষ্ঠানিকভাবেই বঙ্গভবন থেকে বিদায় নেবেন।বঙ্গভবনের ঐতিহ্যগত নিয়ম অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কোনো রাষ্ট্রপতি কার্যালয় ছাড়ার আগে সেখানকার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায়ি সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় শনিবার বেলা ১২টায় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তার শেষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, রাষ্ট্রপতির গুরুদায়িত্ব গ্রহণের আগে মো. সাহাবুদ্দিন এনআরবি গ্লোবাল ব্যাংক ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় তিনি গুলশান-১ নম্বরের নিজস্ব বাসভবনে বাস করতেন। বঙ্গভবন ত্যাগের পর তিনি আবার সেই পুরোনো বাসাতেই ফিরে যাচ্ছেন।ইতোমধ্যে তার ব্যক্তিগত মালামাল গোছগাছের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। রোববার বঙ্গভবন ছাড়ার পর চিকিৎসার প্রয়োজনে তিনি দেশে কিংবা সিঙ্গাপুরে ভ্রমণ করতে পারেন বলেও জানা গেছে।
বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন








