কমিউনিটি ২৫ জুলাই ২০২৬

টাওয়ার হ্যামলেটসে সফলভাবে অনুষ্ঠিত হলো মেয়রের কাপ ব্যাডমিন্টন ২০২৬

- প্রথমবারের মত ব্যাডমিন্টন টুর্নামেন্টে অভূতপূর্ব সাড়া

post

টাওয়ার হ্যামলেটসের ক্রীড়া ক্যালেন্ডারে ক্রিকেট ও ফুটবলের পর নতুন সংযোজন হিসেবে মেয়রর্স কাপ ব্যাডমিন্টন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই, বৃহস্পতিবার মাইল এন্ড লেজার সেন্টারের স্পোর্টস হলে আয়োজিত দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৯৪ জন খেলোয়াড় অংশ নিয়ে তাদের অসাধারণ প্রতিভা, দক্ষতা এবং খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেন।

প্রতিযোগিতা শুরু হয় নারী বিভাগের ডাবলস ম্যাচ দিয়ে। এই বিভাগে ২৬ জন নারী খেলোয়াড় অংশ নেন, যা নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধির প্রতি টাওয়ার হ্যামলেটসের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে দুটি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ওনিইনিয়ে নকেমদিরিম ও ফুয়ং ফুয়ং, এবং ফারজানা শেখ ও মমতা হোসেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলর মিনারা খাতুন এবং কাউন্সিলর রোজি খানম।

এরপর অনুষ্ঠিত হয় জুনিয়র (বালক ও বালিকা) ডাবলস প্রতিযোগিতা। এই বিভাগে ১৪টি দল এবং মোট ২৮ জন খেলোয়াড় অংশ নেয়। রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ইসমাইল আহমেদ ও মো. শিপার জুটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়া মো. শিপার টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় (Young Player of the Tournament) নির্বাচিত হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেবিনেট মেম্বার কাউন্সিলর মিনারা খাতুন এবং কেবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সল আহমেদ।

দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় উন্মুক্ত বয়স গ্রুপ (ওপেন এজ) - পুরুষ ডাবলস প্রতিযোগিতা, যেখানে ২০টি দল এবং মোট ৪০ জন খেলোয়াড় অংশ নেন। স্থানীয় ব্যাডমিন্টন প্রতিভাদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একাধিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারেক আহমেদ ও জাহেদ আহমেদ মেয়রর্স কাপ ব্যাডমিন্টনের ইতিহাসে প্রথম ওপেন এজ পুরুষ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বিজয়ীদের হাতে ট্রফি ও পদক তুলে দেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর ট্যাকলিং ইনইক্যুয়েলিটি এন্ড দ্যা কস্ট-অব লিভিং, কাউন্সিলর মাইয়ুম তালুকদার, কাউন্সিলর রোজি খানম, কাউন্সিলর সাদিকুর রহমান, কাউন্সিলর শফিক ইসলাম সহ কাউন্সিলের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, "মেয়রের কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে এত উৎসাহী অংশগ্রহণ দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই ধরনের আয়োজন শুধু খেলাধুলায় অংশগ্রহণকে উৎসাহিত করে না, বরং আমাদের কমিউনিটিকে আরও কাছাকাছি নিয়ে আসে। নারী, তরুণ এবং প্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের একসঙ্গে অংশগ্রহণ টাওয়ার হ্যামলেটসের বৈচিত্র্য, প্রতিভা এবং কমিউনিটির শক্তিকে তুলে ধরে। আমি সকল খেলোয়াড়, আয়োজক, ভলান্টিয়ার এবং সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানাই, যারা এই আয়োজনকে সফল করেছেন।"

ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, "মেয়রের কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট টাওয়ার হ্যামলেটসের ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার একটি চমৎকার উদাহরণ। সকল বয়স ও পটভূমির মানুষকে খেলাধুলার মাধ্যমে একত্রিত করা এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য। অংশগ্রহণকারীদের উদ্যম এবং প্রতিযোগিতার মান ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমি আশা করি আগামী বছর আরও বেশি মানুষ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।"

কাউন্সিল আগামী বছর আরও বৃহত্তর পরিসরে এই প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে এবং সকলকে আবারও অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্যা মেয়রস্ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। ভিক্টোরিয়া পার্কে আয়োজিত এই ক্রিকেট উত্‌সবের প্রথম দিন ৫ সেপ্টেম্বর জুনিয়ার এবং উইম্যান্স ম্যাচ ও ফাইনালস্, ৬ ও ১২ সেপ্টেম্বর মেন্স গ্রুপ সে্টজ ম্যাচেস্, এবং ১৩ সেপ্টেম্বর মেন্স ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত হবে।

দ্যা মেয়রস্ কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ নামের ফুটবল উত্‌সব ভিক্টোরিয়া পার্কে শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তরুণ ও প্রাপ্তবয়স্ক গ্রুপের ফাইনালগুলো অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner