বাংলাদেশ ১৭ জুলাই ২০২৬

রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের (২০২৬) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে এ ঘটনা ঘটে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, দুপুরে স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।প্রচণ্ড গরমের মধ্যে বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরে তাকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে গুলশানের বাসায় নিয়ে যাওয়া হয়।তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে আছেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না।বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছেন। জনগণের সমর্থনে গঠিত এই সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিচ্ছে।মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। আলোচনা সভা শেষে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন ও মহাশোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner