টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আজ ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইটের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, রিয়াদ এয়ারের এই নতুন সার্ভিস ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে এবং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ সহজতর করবে। বাণিজ্য ও অবকাশ, উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।আগামী ৭ আগস্ট থেকে রিয়াদ এয়ারের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটের সময়সূচি: রিয়াদ থেকে ছাড়বে (স্থানীয় সময়ে) রাত ৯:২০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে (স্থানীয় সময়ে) এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।এই সার্ভিস চালুর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনমান এভিয়েশন মার্কেটে রিয়াদ এয়ারের পরিকল্পনা আরও স্পষ্ট হলো। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত সহযোগিতার একটি মজবুত ভিত্তি রয়েছে। এই শক্তিশালী অংশীদারিত্ব এখন ভ্রমণ ও অবকাশের এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং ঢাকা-রিয়াদ রুটে এই প্রিমিয়াম সার্ভিস সেই যাত্রাকে আরও দৃঢ় করে তুলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে তারা।
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার








