টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশের সর্বোচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল হওয়াকে ইতিবাচক উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, ভবিষ্যতে যেন কোনো দল একক স্বার্থে সংবিধান সংশোধন করতে না পারে, সেই সুযোগ চিরতরে বন্ধ করতে হবে।বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এই দাবি জানান।মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল। আপিল বিভাগের এই রায় বাংলাদেশের বিদ্যমান রাজনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।তবে রায়ের এই প্রেক্ষাপটের দিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, নব্বইয়ের দশকে রাজপথের রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছিল, তা দেশের বিদ্যমান সাংবিধানিক সুবিধার সুযোগ নিয়েই পতিত ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং তত্ত্ববধায়ক সরকারব্যবস্থাও ফেরত এসেছে। কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় যেকোনো সময় পুনরায় সংবিধান সংশোধন করার যে সুযোগ, তা এখনো দেশের সংবিধানে বিদ্যমান রয়েছে। ভবিষ্যতে এই সুযোগ পুরোপুরি বন্ধ করার জন্য ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধ করতে হবে : ইসলামী আন্দোলন








