টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বিনোদনঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট দিতে শুরু করেছেন শিল্পীরা। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।এবারের নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি হওয়ায় শুরু থেকেই নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্বাচনকে কেন্দ্র করে বিএফডিসি এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন।আরমান-মুক্তি পরিষদে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও খলনায়ক ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল প্রার্থী হয়েছেন।এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহসভাপতি পদে রয়েছেন ডি এ তায়েব ও রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।এ প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েশ আরজু ও কাবিলা।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন কিবরিয়া লিপুর পাশাপাশি খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান। সন্ধ্যায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে এবং এরপরই ঘোষণা করা হবে নতুন নেতৃত্বের ফলাফল।নির্বাচন কমিশনার কিবরিয়া লিপু জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশেই চলছে। তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ খুব ভালো ও শান্তিপূর্ণ আছে। আশা করছি, পুরো ভোটগ্রহণ একইভাবে সম্পন্ন হবে।এবারের নির্বাচনে এক প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইটার, প্রযোজক ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জয় চৌধুরী।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে







