কমিউনিটি ১৫ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটসের নতুন ফ্যামিলি ইনফরমেশন হাব ওয়েবসাইটঃ পরিবারের সব সেবা এখন এক জায়গায়

post

টাওয়ার হ্যামলেটসের পরিবার, শিশু ও তরুণরা এখন থেকে একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে স্থানীয় সহায়তা, সেবা ও কার্যক্রম সম্পর্কে সহজেই জানতে পারবেন। নতুন ফ্যামিলি ইনফরমেশন হাব ওয়েবসাইটে বেস্ট স্টার্ট ফ্যামিলি হাবস, ফ্যামিলি ইনফরমেশন সার্ভিস এবং SEND লোকাল অফার সংক্রান্ত সব তথ্য একত্রিত করা হয়েছে, যাতে বাসিন্দারা শিশু, তরুণ ও পরিবারের জন্য পরামর্শ, দিকনির্দেশনা এবং স্থানীয় সুযোগ-সুবিধা সম্পর্কে এক জায়গা থেকেই জানতে পারেন।

গত মে মাসে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে আড়াই শ'য়েরও বেশি পরিবার, পেশাদার ব্যক্তি ও কমিউনিটি অংশীদার একত্রিত হন। ৩৫টিরও বেশি অংশীদার সংস্থা এই অনুষ্ঠানে অংশ নেয়, যেখানে বাসিন্দারা বরোজুড়ে পাওয়া সহায়তা সম্পর্কে জানার এবং নতুন ওয়েবসাইটটি বিভিন্ন দিক দেখার সুযোগ পান।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, "টাওয়ার হ্যামলেটস তার শিশু, তরুণ ও পরিবারের জন্য বিনিয়োগ করতে গর্ববোধ করে। তবে সহায়তা তখনই কার্যকর হয় যখন মানুষ সহজে তা খুঁজে পেতে ও ব্যবহার করতে পারে। ফ্যামিলি ইনফরমেশন হাব সেই বাধা দূর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

চিলড্রেন, ইয়াং পিপল এন্ড লাইফ চান্সেস বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর ফয়সাল আহমেদ বলেন, "প্রতিটি পরিবার যেন সঠিক সময়ে সঠিক সহায়তা পেতে পারে সেটাই তাদের লক্ষ্য। নতুন ফ্যামিলি ইনফরমেশন হাব সেই লক্ষ্য মাথায় রেখেই তৈরি করা হয়েছে, যেখানে শিশু পরিচর্যা, কার্যক্রম, SEND সেবা এবং পরামর্শ সব এক জায়গায় খোঁজা সহজ হয়েছে।"

এই ওয়েবসাইটটি কাউন্সিল সেবা, ডিজিটাল বিশেষজ্ঞ এবং কমিউনিটি অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল শিশু ও তরুণদের জীবনে সেরা সুযোগ তৈরিতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। গত বছর এটি ইংল্যান্ডের প্রথম কাউন্সিল হিসেবে ৫০,৩৫০ পাউন্ডের কম পারিবারিক আয়ের পরিবারগুলোর জন্য সর্বজনীন স্কুল ইউনিফর্ম অনুদান চালু করে, যেখানে প্রাইমারিতে ভর্তি হওয়া প্রতিটি শিশুর জন্য ৫০ পাউন্ড এবং সেকেন্ডারিতে ভর্তি হওয়া প্রতিটি শিশুর জন্য ১৫০ পাউন্ড প্রদান করা হয়।

এছাড়া টাওয়ার হ্যামলেটস দেশের প্রথম স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে প্রাইমারি ও সেকেন্ডারি উভয় স্তরে সর্বজনীন ফ্রি স্কুল খাবার চালু করেছে, যা পরিবারগুলোর প্রতি শিশুর জন্য বার্ষিক ৫৫০ পাউন্ড সাশ্রয় করছে। পাশাপাশি এডুকেশন মেইনটেন্যান্স অ্যালাউন্স পুণরায় চালু করা এবং বিশ্ববিদ্যালয় ও কলেজ অনুদান চালু রাখার ক্ষেত্রেও এটিই একমাত্র কাউন্সিল। কাউন্সিলের ইয়ূথ সার্ভিস 'ইয়াং টাওয়ার হ্যামলেটস' ইতিমধ্যে ২০টি ইয়ুথ সেন্টার খুলেছে এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে ইয়ুথ সেন্টার স্থাপনের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হতে চলেছে।

বাসিন্দারা শিশু, তরুণ ও পরিবারের জন্য স্থানীয় সেবা, কার্যক্রম ও সহায়তা সম্পর্কে জানতে টাওয়ার হ্যামলেটস ফ্যামিলি ইনফরমেশন হাব ওয়েবসাইট ভিজিট করতে পারেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner