কমিউনিটি ০৫ জুন ২০২৬

লন্ডনে জালালপুর স্পোর্টিং ক্লাব ইউকের বার্ষিক গেট-টুগেদার ও স্পোর্টস ডে অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন জালালপুর রয়্যালস

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালপুর স্পোর্টিং ক্লাব ইউকে আয়োজিত বার্ষিক গেট-টুগেদার ও স্পোর্টস ইভেন্ট ডে-২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৩১ মে রবিবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রীনের উইভার্স ফিল্ডে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসে এক টুকরো জালালপুরের মিলনমেলায় পরিণত হয়।

প্রতি বছরের মতো এবারও ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জালালপুরের শতাধিক প্রবাসী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তরুণ ও সিনিয়র প্রজন্মের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের মতে, বিদেশের মাটিতে এমন আয়োজন জালালপুরবাসীর পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

স্পোর্টস টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— বড় বাগা একাদশ, জালালপুর কলেজ একাদশ, আরিকোনা ইলেভেন এবং জালালপুর রয়্যালস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাগুলোর মধ্য দিয়ে ফাইনালে মুখোমুখি হয় জালালপুর রয়্যালস ও আরিকোনা ইলেভেন।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে জালালপুর রয়্যালস ১-০ গোলে আরিকোনা ইলেভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জালালপুর স্পোর্টিং ক্লাব ইউকের পক্ষ থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত সকল প্রবাসী জালালপুরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা বলেন, “আমাদের তরুণ এবং সিনিয়র বড় ভাইদের পদচারণায় বিদেশের মাটিতে এই সমাবেশ প্রমাণ করে, আমরা জালালপুরবাসী দেশ-বিদেশে কতটা ঐক্যবদ্ধ। সবার সহযোগিতা ও অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ও সফল হয়েছে।”

উল্লেখ্য, সিলেটের জালালপুর উপমহাদেশের প্রখ্যাত নারী দাবাড়ু রানী হামিদ এবং বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার কাওসার হামিদ-এর জন্মভূমি হিসেবে সুপরিচিত।

প্রবাসে জালালপুরবাসীর ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner