টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত ট্রাক সেলের পাশাপাশি ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রাক সেলের মাধ্যমে নিত্যপণ্য বিক্রির ঘোষণা দিয়েছে। সোমবার (১১ মে) থেকে ২১ মে পর্যন্ত এই ট্রাক সেল চলবে। তবে প্রতিষ্ঠানটি এবার ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। প্রতি লিটার তেলে ১৫ টাকা দাম বাড়িয়ে বিক্রির ঘোষণা দিয়েছে টিসিবি।সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। পণ্যের তালিকায় রয়েছে, ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।গত রোজার আগে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছে টিসিবি। কিন্তু চিনি ও মসুর ডালের দাম বাড়ায়নি প্রতিষ্ঠানটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবি প্রতিদিন ঢাকা মহানগরে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্য ছয়টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে। আগামীকাল থেকে শুরু হওয়া এই বিক্রয় কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত।টিসিবি বলছে, একেকটি ট্রাক থেকে প্রতিদিন নির্ধারিত পরিমাণে ৪০০ জন মানুষ পণ্য কিনতে পারবেন। এই সময় মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।একেকজন ক্রেতা ট্রাকসেলের মাধ্যমে একসঙ্গে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ, সবার জন্য উন্মুক্ত








