কমিউনিটি ০৮ এপ্রিল ২০২৬

ভিক্টোরিয়া পার্কে বিনামূল্যে পারিবারিক সাইকেল প্রশিক্ষণ

post

অটোম বা বসন্তের ছুটিতে পুরো পরিবার নিয়ে সুস্থ বিনোদনের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে বাইকওয়ার্কস।

টাওয়ার হ্যামলেটস বারায় বসবাসকারী, কর্মরত বা পড়াশোনা করা পরিবারগুলোর জন্য ভিক্টোরিয়া পার্কে আয়োজন করা হয়েছে বিনামূল্যের পারিবারিক সাইকেল প্রশিক্ষণের। যারা সাইকেল চালাতে একটু ভয় পান বা নিজের ও পরিবারের সদস্যদের দক্ষতা বাড়াতে চান, তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ। এই সুযোগ নেওয়ার জন্য কাউন্সিলের পক্ষ থেকে বারার বাসিন্দাদের প্রতি অনুরোধ করা হয়েছে।

বিশেষজ্ঞ প্রশিক্ষকেরা পার্কের নিরাপদ পরিবেশে শুরু থেকে শেখাবেন কীভাবে আনন্দের সাথে পুরো পরিবার একসঙ্গে সাইকেল চালানো যায়। আগ্রহী ব্যক্তিদের আগে থেকে অনলাইনে নিবন্ধন করতে হবে, আর যারা টাওয়ার হ্যামলেটসে থাকেন, কাজ করেন বা পড়েন, তারাই শুধু এই সুবিধা পাবেন।

প্রতিটি সেশনের মেয়াদ দুই ঘণ্টা, এবং একটি পরিবারে সর্বোচ্চ ৬ জন অংশ নিতে পারেন তবে অবশ্যই বাবা-মা বা অভিভাবক উপস্থিত থাকতে হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ২টা ৩০ মিনিট - এই দুইটি সময়-স্লটে প্রশিক্ষণ চলবে।

আপনার নিজের বাইক না থাকলেও চিন্তার কিছু নেই, প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিনামূল্যে বাইক ও হেলমেট দেওয়া হবে। তবে একটি শর্ত আছে, প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে হলেও বুকিং নিশ্চিত করতে ৫ পাউন্ড জামানত দিতে হবে, যা প্রশিক্ষণ শেষে ফেরত দেওয়া হবে।

শুধু সাধারণ প্রশিক্ষণই নয়, বাইকওয়ার্কসের "অল এবিলিটি সাইক্লিং ক্লাব" সবার জন্য দরজা খোলা রেখেছে, যা মূলত প্রতিবন্ধী ব্যক্তি বা যারা শারীরিক ও মানসিকভাবে কিছুটা পিছিয়ে তাদের জন্য। এখানে হুইলচেয়ার প্ল্যাটফর্ম বাইক, ট্রাইসাইকেল, এমনকি পাশাপাশি বসে চালানোর বাইকও রয়েছে।

এই ক্লাবে অংশ নিতে কোনো বুকিংয়ের প্রয়োজন নেই; প্রতি বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ১টা পর্যন্ত এবং প্রতি বিকল্প শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬ বছরের নিচে ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সবার জন্য এই সেশন চলে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তথ্য অনুযায়ী, সাইকেল চালনা শুধু শরীর ভালো রাখে না, এটি পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করে। বর্তমান দূষিত বাতাস ও যানজটের যুগে সাইকেল একটি চমৎকার সমাধান, আর এই উদ্যোগের মাধ্যমে তারা চায় মানুষজন নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে সাইকেল চালাতে শিখুক। যেকোনো প্রশ্ন বা বুকিংয়ের জন্য ইমেইল করতে পারেন enquiries@bikeworks.org.uk ঠিকানায় অথবা ফোন করতে পারেন ০২০ ৮৯৮০ ৭৯৯৮ নম্বরে। ভিক্টোরিয়া পার্কের পূর্ব পাশে পার্নেল রোড দিয়ে ঢুকে বাইকওয়ার্কসের হাবে গেলেই মিলবে এই সুযোগ।


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner