বাংলাদেশ ০৬ এপ্রিল ২০২৬

অটোপাশের দাবি ফের হামলার শিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে। অটোপাশের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এ হামলা চালায় বলে জানা গেছে।সোমবার (৬ এপ্রিল) দুপুরে গাজীপুর ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালায়। এসময় উপাচার্যের গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয় এবং তাঁকে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী অটোপাশের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল বের করে এবং একপর্যায়ে উপাচার্যের গাড়িবহরের গতিরোধ করে। উত্তেজনা বাড়লে বিক্ষোভকারীরা লাঠিসোঁটা নিয়ে গাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় উপাচার্য চরম বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতির মুখে পড়েন।বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে অটোপাশের মতো দাবিকে শুরু থেকেই 'অযৌক্তিক' হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে। এর আগেও গত ২১ মে (২০২৫) স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ আহত হয়েছিলেন।বারবার হামলার শিকার হয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন উপাচার্য। তিনি ইতিপূর্বে স্পষ্ট জানিয়েছিলেন, "শিক্ষার্থীদের অন্যায্য দাবি ও অযৌক্তিক আবদারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই আপস করবে না। অটোপাশ বা অতিরিক্ত গ্রেস প্রদানের প্রবণতা শিক্ষার গুণগত মান নষ্ট করে, যা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।" ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা দমনে আরও কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।হামলার এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner