বাংলাদেশ ২২ মার্চ ২০২৬

ঈদে সড়কে প্রাণ হারালেন ২৭ জন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক (অনলাইন) ঢাকাঃ ঈদের দিন রাত ও পরদিন বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অনেকে।শনিবার (২১ মার্চ) রাত থেকে রবিবার বিকালের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।এর মধ্যে কুমিল্লায় ১২ জন, হবিগঞ্জে চার জন,ফেনীতে তিন জন,কিশোরগঞ্জে দুজন,সুনামগঞ্জে দুজন,পাবনা,নওগাঁ, নাটোর ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছেন।

কুমিল্লা: রবিবার ভোররাতে জেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় যাত্রীবাহী বাসে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ২০ জন। নিহতদের মধ্যে সাত জন পুরুষ, তিন জন নারী এবং দুজন শিশু রয়েছেন।কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম বলেন, ‘ভোররাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করে।’ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা‌য় পিকআপ ভ্যান খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলা‌র আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, ঘরের আসবাবপত্রবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন পুরুষ ও একজন নারী নিহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন।গুরুতর আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। রবিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে।ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল।সে সময় একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার সড়ক হচ্ছিল। শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে পেছনে কিছু মোটরসাইকেল ও বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।

ঈশ্বরদী: রবিবার সন্ধ্যায় হওয়ার কথা ছিল গায়ে হলুদের অনুষ্ঠান।সোমবার ছিল বউভাতের আনুষ্ঠানিকতা। সাজসজ্জা ও আয়োজন চলছে গোটা বাড়িতে। সেই মুহূর্তে জানা গেলো বর জুলফিকার জিল্লু (২৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টায় পাবনা-নাটোর মহাসড়কের নাটোরের গড়মাটি কলোনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত জুলফিকার জিল্লু পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের আনসারুল হকের সন্তান। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলফিকার সকালে পাবনার দাশুড়িয়া থেকে প্রাইভেটকার চালিয়ে নাটোরের বনপাড়ার দিকে যাচ্ছিলেন। সেখানে অপেক্ষমাণ বোন ও দুলাভাইকে নিয়ে আসার জন্য যাচ্ছিলেন তিনি। পথে গড়মাটি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই জুলফিকার নিহত হন। পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। রবিবার (২২ মার্চ) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- দরিয়াকান্দি এলাকার বিজয় (১৮) ও তার বন্ধু জাবির হোসেন (১৮)। হাইওয়ে পুলিশ জানায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দারিয়াকান্দি এলাকায় একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগিবোঝাই করা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বিজয় ও জাবির।

টেকনাফ: কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ সড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এক মাস পর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। এমন মৃত্যুতে তার পরিবারে শোক নেমেছে। রবিবার বিকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ হারিয়াখালী সড়কে পর্যটকবাহী একটি গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনিস (৩০) টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার বকসুর ছেলে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‌‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।’

নাটোর: নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জুলফিকার আলী জিল্লু (৩০) পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া নওদাপাড়া এলাকার আনছারুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ঈদের দিন বন্ধুদের সঙ্গে বেরিয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শনিবার রাত পৌনে ৯টার দিকে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. হৃদয় (১২) রানীনগর উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু পাল।

সুনামগঞ্জ : শান্তিগঞ্জে ঈদের ছুটিতে নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক বন্ধু।নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুর্তাখাই গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও সাইদুল ইসলাম (৩০)। আহত গুলজার আহমদকে (২৯) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম ঈদের এক সপ্তাহ আগে একটি নতুন মোটরসাইকেল কেনেন। সেই মোটরসাইকেলে করে দুপুরে দুই বন্ধুকে নিয়ে তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র শিমুল বাগানে বেড়াতে যাচ্ছিলেন। সুনামগঞ্জ-দিরাই সড়কের গাগলী এলাকায় যাওয়ার পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং তিন জনই গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বলেন, ‘তিন জনের মধ্যে একজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। অন্য দুজনের মধ্যে একজনকে সিলেটে পাঠানো হয়। আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. অলি উল্লাহ বলেন, ‘গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।’

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner