কমিউনিটি ২০ মার্চ ২০২৬

চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার

post

টাওয়ার হ্যামলেটস বারার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে কাউন্সিলের ৩ দশমিক ৮ মিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রকল্পের অংশ হিসেবে চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস-এর নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং কেবিনেট মেম্বার ফর সেইফার কমিউনিটিজ কাউন্সিলর আবু তালহা চৌধুরী সোমবার ভ্যালেন্স গার্ডেনের বিপরীতে লোমাস স্ট্রিটের কোণে স্থাপিত এই নতুন ক্যামেরা পরিদর্শন করেছেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

চিকস্যান্ড এস্টেটে এ ধরনের অত্যাধুনিক ক্যামেরা এটিই প্রথম। আগামী মাসে হিউজ ম্যানশনে আরও দুটি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে। এই নতুন ক্যামেরাগুলো কাউন্সিলের ২৪ ঘন্টা সক্রিয় নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) সাথে সংযুক্ত থাকবে।

এই প্রকল্পের আওতায় চলতি মাসের শেষ নাগাদ বারার দশটি এস্টেটে মোট ১২২টি নতুন ক্যামেরা বসানো হবে। এর ফলে বাসিন্দারা অত্যাধুনিক ও নির্ভরযোগ্য নজরদারির আওতায় আসবেন। এরপর আগামী কয়েক মাসের মধ্যে আরও ১৬ টি এস্টেটে অতিরিক্ত ২৬২টি ক্যামেরা স্থাপন করা হবে।

কাউন্সিলের তথ্য অনুযায়ী, গত এক বছরে শুধুমাত্র এই ক্যামেরার মাধ্যমে ৩১৬ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, যা এই উদ্যোগের সাফল্যের প্রমাণ দেয়।

মেয়র লুৎফুর রহমান স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার প্রতি কাউন্সিলের অঙ্গীকার ব্যাক্ত করে বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরা আপগ্রেডে বিনিয়োগ করছি কারণ প্রতিটি বাসিন্দা তাদের বাড়িতে নিরাপদ বোধ করার অধিকার রাখে এবং আমরা জানি এটি অনেক বাসিন্দার উদ্বেগের বিষয়। আমাদের অত্যাধুনিক সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র আপগ্রেড করে, আমরা টাওয়ার হ্যামলেটস-কে বাসিন্দাদের জন্য একটি নিরাপদ স্থান করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই প্রকল্পের আওতায় শুধু সিসিটিভিই নয়, পাশাপাশি টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা প্রায় তিনগুণ করা এবং কুকুর টহল পরিষেবা চালু করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। নিরাপদ কমিউনিটি বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “কমিউনিটি নিরাপত্তায় ৮০ লাখ পাউন্ডের বৃহত্তর প্রতিশ্রুতির অংশ হিসেবে এই প্রায় ৪০ লাখ পাউন্ড বিনিয়োগ নিরাপত্তা উন্নত করার জন্য কাউন্সিলের নেওয়া অনেকগুলি পদক্ষেপের মধ্যে একটি। টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারের সংখ্যা প্রায় তিনগুণ করা, একটি কুকর টহল পরিষেবা তৈরি করা এবং আমাদের অত্যাধুনিক সিসিটিভি নিয়ন্ত্রণ কেন্দ্র আপগ্রেড করার পাশাপাশি, আমরা টাওয়ার হ্যামলেটস-কে আমাদের বাসিন্দাদের জন্য উন্নতিলাভের একটি নিরাপদ স্থান করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এই নতুন ক্যামেরাগুলো অপরাধ ও অসামাজিক আচরণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চিকস্যান্ড এস্টেট-সহ গোটা এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করছে কাউন্সিল।


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner