টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বারার পরিবারগুলির জন্য বিনামূল্যে সাঁতারের সুবিধা চালুর ঘোষণা দিচ্ছে, যার ফলে বারার অভিভাবক ও কেয়ারার বা পরিচর্যাকারীরা বি-ওয়েল লেজার সেন্টারগুলোর পারিবারিক সাঁতার সেশনে বিনামূল্যে সর্বোচ্চ দুই শিশুকে নিয়ে যেতে পারবেন।
বি ওয়েল নামে ব্র্যান্ডিংয়ের অধীনে টাওয়ার হ্যামলেটসের লেজার সেন্টারগুলোকে জনগণের মালিকানায় অর্থাৎ কাউন্সিলের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার পর, কাউন্সিল ১৬ বছর বা তার বেশি বয়সী সকল নারী ও মেয়েদের জন্য এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে সাঁতারের সুযোগ চালু করেছিলো। উল্লেখ্য, বারার ৫৫ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের শারীরিক কার্যক্রমে অংশ নেয়ার হার সবচেয়ে কম, এবং নারী বাসিন্দাদের নিষ্ক্রিয় থাকার সম্ভাবনা পুরুষের তুলনায় বেশি।
১৭ মার্চ, মঙ্গলবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এই ফ্রি সুইমিং বা বিনামূল্যে সাঁতার কর্মসূচি ১৬ বছরের বেশি বয়সী নারী ও মেয়েদের জন্য অব্যাহত থাকবে। আর পুরুষদের জন্য ৫৫ বছরের বেশি বয়স থেকে সম্প্রসারিত হয়ে ৩৫ বছরের বেশি বয়সী পুরুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে চালু করা হয়েছে নতুন অভিভাবক-শিশু অপশন, যার ফলে আগামী ৬ এপ্রিল ২০২৬ থেকে নির্ধারিত পারিবারিক সাঁতার সেশনে বি ওয়েল মেম্বার প্রাপ্তবয়স্ক বাসিন্দারা বিনামূল্যে সর্বোচ্চ দুই শিশুকে সাঁতারের জন্য নিয়ে যেতে পারবেন।
টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের স্বাস্থ্য বৈষম্য হ্রাস, শারীরিক কার্যক্রমে বাধা দূর করা এবং পারিবারিক সক্রিয়তা বৃদ্ধি করার প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি চালু করার পর থেকে এ পর্যন্ত মোট ২০ হাজার ৫৮৩ জন বাসিন্দা ফ্রি সাঁতার সুবিধা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১৮,০০০ এর বেশি ১৬ বছর বা তার বেশি বয়সী নারী ও মেয়ে, এবং প্রায় ৩,৯০০ জন ৫৫ বা তদূর্ধ্ব বাসিন্দা রয়েছেন। ১৭ মার্চ মঙ্গলবারের ঘোষণার মাধ্যমে আরও হাজারো বাসিন্দার জন্য বিনামূল্যে সাঁতারের সুযোগ বাড়ানো হচ্ছে।
বিনামূল্যের এই সাঁতার কর্মসূচির লক্ষ্য হলো খরচজনিত বাধা দূর করে আরও বাসিন্দাকে সক্রিয় হওয়ার অনুপ্রেরণা দেওয়া এবং যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের জন্য সুযোগ বাড়ানো।
দেশজুড়ে সাঁতারের পুল বন্ধ হয়ে যাচ্ছেঃ গত ১৫ বছরে সারা দেশে কাউন্সিল-পরিচালিত ৫০০টি পুল সহ প্রায় ১,০০০টিরও বেশি সুইমিং পুল, বন্ধ হয়েছে, যা সারা দেশে ৩৪,০০০ বর্গমিটারের বেশি জলাধার জায়গার হ্রাস নির্দেশ করে।
পক্ষান্তরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তার অধিকাংশ বাসিন্দার জন্য ফ্রি সুইমিং সুবিধাই নিশ্চিত করছে না, নতুন সুইমিং পুল নির্মাণের মত বিশাল বিনিয়োগের কর্মসূচি হাতে নিচ্ছে। মঙ্গলবার প্রকাশিত কেবিনেট পেপারে হোয়াইটচ্যাপেল স্পোর্টস্ সেন্টার ভেঙ্গে দু'টি নতুন সুইমিং পুল ও ট্রেনিং পুল নির্মান সহ অত্যাধুনিক লেজার সুবিধা গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার ফ্রি সাঁতার সুবিধা সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা প্রদানের পর টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র, লুৎফুর রহমান বলেন, “সাঁতার একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা এবং আমরা চাই টাওয়ার হ্যামলেটসের সব শিশু যেন সাঁতার শিখতে পারে। পরিবারগুলোর জন্য বিনামূল্যে সাঁতার সম্প্রসারণের মাধ্যমে আমরা অর্থনৈতিক বাধা দূর করছি, পাশাপাশি ১৬ বছরের বেশি বয়সী সকল নারী ও মেয়ে এবং ৩৫ বছরের বেশি বয়সী সকল প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য ফ্রি সাঁতারের সুবিধা চালু করছি, যাতে আমাদের বারার দীর্ঘস্থায়ী স্বাস্থ্য বৈষম্য মোকাবিলা করা যায়।”
তিনি আরও বলেন, “যখন সারাদেশে হাজার হাজার সুইমিং পুল বন্ধ হয়ে গেছে, তখন সাঁতারে প্রবেশাধিকারে ব্যাপক বৃদ্ধি আনতে আমাদের বিনিয়োগের মাধ্যমে টাওয়ার হ্যামলেটস পথপ্রদর্শক হওয়ায় আমি গর্বিত। এখন পর্যন্ত ২০,৫০০ এর বেশি বাসিন্দা আমাদের বিনামূল্যের সাঁতার কর্মসূচি গ্রহণ করেছেন। এখন আমরা এটি আরও হাজার হাজার বাসিন্দার জন্য সম্প্রসারণ করছি - এতে আমি অত্যন্ত আনন্দিত।”
মেয়র লুৎফুর রহমান বলেন, “আমরা বারাজুড়ে স্বাস্থ্য ও কল্যাণকে সমর্থন করে এমন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিনিয়োগ অব্যাহত রাখব, যতটা সম্ভব বাধা দূর করব, এবং বারার লেজার খাতে ১০ বছরে ৪০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের মাধ্যমে আমাদের সুবিধা গুলো আধুনিকায়ন ও উন্নয়ন করব।”
সুইম ইংল্যান্ড এর এনগেজমেন্ট ম্যানেজার, লেসলি ব্রায়ান্ট বলেন, “সাঁতার শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার অসাধারণ একটি উপায়। পানিতে সময় কাটানো ফিটনেস বাড়াতে, চাপ কমাতে এবং আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে, এবং এটি এমন একটি কার্যক্রম যা যেকোনো বয়স বা সক্ষমতার মানুষ উপভোগ করতে পারে। এ ধরনের সুযোগ মানুষের সক্রিয় হওয়ার পথে থাকা কিছু বাধা দূর করতে সত্যিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি বলেন, “এককভাবে বা পরিবারের সঙ্গে নিয়মিত সাঁতার কাটা স্বাস্থ্যকর ও সুখী কমিউনিটি গড়ে তুলতে এবং পানিতে সক্রিয় থাকার আজীবন উপকারিতা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করে।”
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার এন্ড লেজার বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর মোহাম্মদ কামরুল হুসাইন বলেন, “আমাদের ফ্রি সাঁতার কর্মসূচি আরও বেশি বাসিন্দাকে সহায়তা করতে সম্প্রসারিত হতে দেখে আমি আনন্দিত। ৩৫ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য সুযোগ বিস্তৃত করা এবং বিনামূল্যে অভিভাবক-শিশু সেশন চালু করা আরও বেশি পরিবার ও ব্যক্তির কাছে সাঁতারের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উপকারিতা পৌঁছে দেবে।”
তিনি বলেন, “এই সম্প্রসারণ আমাদের বৃহত্তর লক্ষ্য - বাসিন্দাদের জন্য সক্রিয়, স্বাস্থ্যকর জীবনযাপন সহজ করা এবং আমাদের লেজার সুবিধাগুলোকে গোটা কমিউনিটির জন্য স্বাগতপূর্ণ ও সহজপ্রাপ্য রাখা-র অংশ।”
পরিবার-শিশু সেশন এবং ৩৫ বা তদোর্ধ বয়সী পুরুষদের জন্য সম্প্রসারিত ফ্রি সাঁতার কর্মসূচি ১ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে, অর্থাৎ ঐদিন থেকে বাসিন্দারা সদস্যপদ গ্রহণ শুরু করতে পারবেন। ৬ এপ্রিল থেকে সাঁতার সেশন বুকিং করা যাবে। শর্তাবলি এবং বিনামূল্যের সদস্যপদের জন্য নিবন্ধনের তথ্যের জন্য ব ওয়েল ফ্রি সুইমিং ওয়েবপেজ be-well.org.uk/what-we-offer/swimming/free-swimming ভিজিট করুন।








