গ্রাম বাংলা ১৯ মার্চ ২০২৬

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বগুড়া: বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের ছোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।

স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যাত্রীদের বের হওয়ার সুযোগ খুবই কম ছিল। এতে ঘটনাস্থলেই চালক আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যায়। এতে মোট তিনজন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner