কমিউনিটি ১৫ মার্চ ২০২৬

বেথনাল গ্রিনে সাবেক কাউন্সিল অফিসে নির্মিত হবে নতুন সাশ্রয়ী আবাসন প্রকল্প

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বেথনাল গ্রিনের আলবার্ট জ্যাকব হাউস ভবনটি ভেঙে ফেলার জন্য সরকারের ব্রাউনফিল্ড ল্যান্ড রিলিজ ফান্ড (বি এল আর এফ ২) থেকে £১,১১৭,৬৪৮ পাউন্ড অর্থায়ন নিশ্চিত করেছে। কাউন্সিল এই স্থাপনাটিকে ৫৩টি বহুলপ্রয়োজনীয় সাশ্রয়ী সামাজিক ভাড়ার বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।

সরকারের ব্রাউনফিল্ড ল্যান্ড রিলিজ ফান্ডের লক্ষ্য হলো সরকারি সংস্থাগুলোকে তাদের জমি ও ভবনগুলোর উন্নত ব্যবহারে সহায়তা করা, স্থানীয় সেবার মান বাড়ানো, খরচ কমানো এবং নতুন বাড়ি ও কর্মসংস্থানের জন্য জমি উন্মুক্ত করা।

একসময় বেথনাল গ্রীনের আলবার্ট জ্যাকব হাউস ছিল কাউন্সিলের একটি অফিস ভবন। নতুন টাউন হল হোয়াইটচ্যাপেলে এবং বারার বিভিন্ন এলাকায় ছোট ছোট স্থানীয় হাব চালু করার ফলে কাউন্সিলের অফিস কার্যক্রম কেন্দ্রীকরণ করা হয়েছে - ফলে ভবনটি আর প্রয়োজন নেই।

দেশের দ্রুততম বর্ধনশীল বারার হিসেবে টাওয়ার হ্যামলেটস তীব্র আবাসন সংকটের মুখোমুখি, যেখানে বর্তমানে প্রায় ৩০,০০০ পরিবার হাউজিং রেজিস্টারে অপেক্ষমাণ। নতুন এই উন্নয়ন প্রকল্প সেই চাহিদার কিছুটা চাপ কমাতে সাহায্য করবে।

নতুন প্রকল্পে যেসব বাড়ি থাকবে:

৮টি এক বেডরুম বা শয়নকক্ষের বাড়ি

১৩টি দুই বেডরুম বা শয়নকক্ষের বাড়ি

২৩টি তিন বেডরুম বা শয়নকক্ষের বাড়ি

৯টি চার বেডরুম বা শয়নকক্ষের বাড়ি

এ ছাড়া প্রকল্পে পাঁচটি অ-আবাসিক স্থান, নতুন কমিউনিটি ল্যান্ডস্কেপিং এবং আশপাশের আউটডোর এলাকার উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে।

ডেমোলিশন বা ভবন ভাঙার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৬ সালের এপ্রিল থেকে ধ্বংস কাজ শুরু হওয়ার কথা এবং ২০২৬ সালের ডিসেম্বর থেকে নতুন বাড়ির নির্মাণকাজ শুরু হবে।

আলবার্ট জ্যাকব হাউস টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের শক্তিশালী হাউজিং ডেলিভারি কর্মসূচির অংশ, যার মাধ্যমে কাউন্সিল ও অংশীদারদের উদ্যোগে ১,০০০টিরও বেশি নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। মেয়রের অ্যাক্সেলারেটেড হাউজিং প্রোগ্রাম এর মাধ্যমে আরও ৩,৩০০টি বাড়ির পরিকল্পনা রয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ কাউন্সিল-নেতৃত্বাধীন আবাসন কর্মসূচি হিসেবে বিবেচিত।

কাউন্সিলের রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এবং হাউস বিল্ডিং বিষয়ক ক্যাবিনেট সদস্য, কাউন্সিলর কবির আহমেদ বলেন, “আমরা সবসময়ই বারার বিপুল আবাসন চাহিদা পূরণে নতুন ও ব্যবহারিক উপায় খুঁজে থাকি। এই সাবেক কাউন্সিল অফিসকে প্রয়োজনীয় কাউন্সিল হোমে পরিণত করার মাধ্যমে আমরা জমিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করছি এবং আরও স্থানীয় পরিবারকে একটি স্থায়ী ঘর দেওয়ার সুযোগ সৃষ্টি করছি।”


 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner