টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক দল। বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। মেহেদী হাসান মিরাজরা কি পারবে প্রথম ওয়ানডের নৈপুন্যের পুনরাবৃত্তি করতে? মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আজ রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে দেখা যায় উল্টো চিত্র। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশও ১১৪ রানে গুটিয়ে যায়। আর ১২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে শাহীন আফ্রিদির দল। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ৩২ ওভারে বাংলাদেশের সামনে দাঁড়ায় নতুন লক্ষ্য- ২৪৩ রান। ফলে ব্যাটারদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং ছাড়া কোনও বিকল্প ছিল না। তবে বৃষ্টি বিরতির আগেই বাংলাদেশের যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। মূল লক্ষ্য ২৭৫ রান তাড়া করতে নেমে ৬.৩ ওভারে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তাই টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে। সার্বিকভাবে দুই ম্যাচে যেটা দেখা গেছে, তাতে করে তৃতীয় ওয়ানডেতে যে দলের ব্যাটিং ইউনিট ভালো করবে, সিরিজ ঝুঁকবে তাদের দিকেই। স্বাগতিক দল হিসেবে এখন নিজেদের ভালো পারফরম্যান্স দেখানোর তাগিদ বাংলাদেশের-ই বেশি। এখানে উল্লেখ্য যে, মিরপুরের উইকেট এবার অতীতের মতো অপ্রত্যাশিত আচরণ করেনি। পেসাররা জোরে বল করলে ভালো বাউন্স পাওয়া গেছে এবং তা কাজে লাগাতে পেরেছেন তারা। অন্যদিকে স্পিনাররা অতিরিক্ত টার্ন পাননি, ফলে শট খেলতে আগ্রহী ব্যাটারদের জন্য ব্যাটিং কিছুটা সহজ হয়েছে।তাই সিরিজ জিততে ব্যাটিংয়ে উন্নতির ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার কথায়, ‘প্রথম ১০ ওভারে আমরা ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, যেটা আগের ম্যাচে পেরেছিলাম। উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, কিন্তু আমাদের টপ অর্ডার তেমন রান করতে পারেনি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আশা করি খেলোয়াড়রা সেভাবেই সাড়া দেবে।’
মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই: বাংলাদেশ–পাকিস্তান মুখোমুখি








