টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম শোকপ্রস্তাবটি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্বও করেন তিনি।এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।এরপর স্পিকার সংসদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনেন। এ সময় বিরোধীদলীয় উপনেতা বলেন, শোকপ্রস্তাবটি একপেশে। জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাসেম আলী, কাদের মোল্লসহ বিভিন্ন নেতার প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ছাড়া শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এসব নাম প্রস্তাবের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের প্রস্তাবিত নামগুলো ও অন্যান্য যাদের নাম বাদ পড়েছে সেগুলো অন্তর্ভুক্ত করা হবে। এ সময় স্পিকার ২০২৪-এর ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীসহ ওই দুর্ঘটনায় নিহত সবার নামও শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা বলেন।
খালেদা জিয়া, মতিয়া চৌধুরীসহ ৩১ জনকে স্মরণে সংসদে শোকপ্রস্তাব








